প্রশাসনের তরফে এটিকে ‘রুটিন ট্রান্সফার’ বলা হলেও, চাকুলিয়ার বিডিও অফিসে তাণ্ডবের পরেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 30 January 2026 12:47
দ্য ওয়াল ব্যুরো: চাকুলিয়া থানার আইসি (Chakulia's IC change) বদল ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার (The mob attacked the BDO office) কয়েক দিনের মধ্যেই আইসি রাজু সোনারকে হাওড়া পুলিশ কমিশনারেটে পাঠানো হল। তাঁর জায়গায় চাকুলিয়া থানার দায়িত্ব নিলেন পিনাকি সরকার।
প্রশাসনিক মহলের একাংশের প্রশ্ন—গত ১৫ জানুয়ারির সেই ভয়াবহ ঘটনার সঙ্গেই কি এই বদলির যোগ?
উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ‘এসআইআর’ (SIR) শুনানিকে কেন্দ্র করে সেদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিডিও অফিস চত্বর। পুলিশি রিপোর্ট বলছে, সকাল ন’টা নাগাদ শুনানি নিয়ে অসন্তোষ থেকেই স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে আইসি রাজু সোনার বাহিনী নিয়ে পৌঁছন। অভিযোগ, তখনই উত্তেজিত জনতার একাংশ পুলিশের উপর চড়াও হয়। হামলার নেতৃত্ব দেয় মূলত যুবকদের একটি দল।
ভিড় সামাল দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। বিক্ষোভকারীরা বিডিও অফিসের তালা ভেঙে ঢুকে পড়ে। চেয়ার–টেবিল, কম্পিউটার ভাঙচুরের পর অফিসে আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হন আইসি নিজেও। ইটের ঘায়ে মাথা ফাটে। পাঁচজন কনস্টেবলও গুরুতর জখম হন।
এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও উঠতে থাকে প্রশ্ন। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, বসানো হয় পুলিশ পিকেট। পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পিডিপিপি আইনে মামলা রুজু হয়েছে।
এই আবহেই আইসি বদলি। প্রশাসনের তরফে এটিকে ‘রুটিন ট্রান্সফার’ বলা হলেও, চাকুলিয়ার বিডিও অফিসে তাণ্ডবের পরেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।