উল্লেখযোগ্যভাবে, গত এপ্রিলে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই সৈকত শহর দিঘার ভোলবদল ঘটে গেছে। প্রতিদিনই সেখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হচ্ছে। সেই মডেলকে মাথায় রেখেই দুর্গাঙ্গনের ভাবনা, মত বিশেষজ্ঞদের একাংশের।

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 July 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) আদলে এবার দুর্গাঙ্গনের পরিকল্পনা (Durgangan)। শহিদ দিবসে ধর্মতলার সভা থেকে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন।”
তবে ঠিক কোথায় এই দুর্গাঙ্গন গড়ে উঠবে, সে বিষয়ে কোনও স্পষ্ট ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনিক মহলের মতে, কলকাতা বা তার আশেপাশে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাই বেশি।
মমতা আরও বলেন, “আগে বাংলা কী ছিল, আর এখন কী হয়েছে, সেটা মানুষ দেখছে। মানুষ ভাল আছে, তাই ওরা (বিরোধীরা) জ্বলছে। ওদের জ্বলতে দিন, আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব।”
উল্লেখযোগ্যভাবে, গত এপ্রিলে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই সৈকত শহর দিঘার ভোলবদল ঘটে গেছে। প্রতিদিনই সেখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হচ্ছে। সেই মডেলকে মাথায় রেখেই দুর্গাঙ্গনের ভাবনা, মত বিশেষজ্ঞদের একাংশের।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পালা বদলের পর তখতে বসে কলকাতা-সহ জেলায় জেলায় পুজো কার্নিভালেরও ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। যা ইতিমধ্যে ইউনেস্কো থেকে স্বীকৃতিও পয়েছে। অনেকের মতে, সে কারণেই সম্ভবত এবার দুর্গাঙ্গন তৈরির পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী।
এদিনের মঞ্চ থেকে বিজেপি ও সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিজেপিকে ছক্কা মেরে বোল্ড আউট করতে হবে, আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে।”
এর পাশাপাশি, ২০২৬ সালের নির্বাচনের দিকে তাকিয়ে দলীয় কর্মীদের উৎসাহ দেন মমতা। বলেন, “২০২৬-এ আরও বেশি আসন জিতে দেখাতে হবে। তার পর আমাদের লক্ষ্য দিল্লি।”