২১ জুলাই মানেই একদিকে শহিদ দিবস, অন্যদিকে কলকাতার আকাশে বৃষ্টির চেনা ছবি। কিন্তু এবারে ভিন্ন চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 July 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (21 JULY) মানেই একদিকে শহিদ দিবস, অন্যদিকে কলকাতার আকাশে বৃষ্টির চেনা ছবি। কিন্তু এবারে ভিন্ন চিত্র। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, কাঙ্খিত সেই বৃষ্টির দেখা মেলেনি। বরং সময় গড়াতেই রোদের তেজে ঘাম ঝরেছে সমাবেশস্থলে হাজির তৃণমূল কর্মী-সমর্থকদের।
এই ব্যতিক্রম নিয়ে গুঞ্জন শুরু হয় ধর্মতলার মঞ্চ ঘিরে। আর সেই আলোচনার রেশ গিয়ে পৌঁছয় মঞ্চে দাঁড়ানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কানেও। নিজের দীর্ঘ বক্তব্যের শেষে হঠাৎ করেই প্রশ্ন ছুঁড়ে দেন, “এবার কেন বৃষ্টি হল না বলুন তো?”
কিছুক্ষণ থেমে নিজেই দেন উত্তর, “এই কদিন ধরে কত দুর্যোগ! এখন নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছেন, ‘চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে।’ আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্ত করছে, অপপ্রচার চালাচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেস জবাব দেবে ইঞ্চিতে ইঞ্চিতে।”
তীব্র গরমের মধ্যেও ঠাসা ভিড় জমে শহিদ দিবসের সমাবেশে। দলনেত্রী হালকা হাসিতে বলেন, “কী হয়েছে, লড়বেন তো? মা-মাটি-মানুষকে সঙ্গে নিয়ে চলবেন তো?”
তারপরেই বিজেপিকে নিশানা করে একহাত নেন মমতা। বলেন, “বাংলা ভাল আছে, তাই ওরা জ্বলছে। বলুন, তুমি জ্বলে যাও, তুমি ফুলে যাও , আমরা সেটা ফাটিয়ে খেয়ে নেব। ছক্কা মারতে হবে, বিজেপিকে বোল্ড আউট করতে হবে। আর সিপিএম? তাদের মহাশূন্যে পাঠিয়ে দেব।”
শুধু রাজনৈতিক বার্তাই নয়, এবার প্রতিশোধের কথাও শুনিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। বলেন, “কথায় কথায় নবান্ন অভিযান, কথায় কথায় আমার বাড়ি অভিযান— তাহলে তোমাদের বাড়িতেও অভিযান হবে না কেন? আমি তো বদলা চাইনি, বলেছিলাম বদল চাই। তাই তোমাদের গায়ে হাত দিইনি। কিন্তু এবার স্লোগান হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। আমাদের দর্শন, তোমাদের বিসর্জন।”
সবশেষে এক নির্বাচনী সুর তুলে মমতা বলেন, “বাকিটা বোঝাব ভোটের সময়। সাংসদদের বলব, গান্ধী মূর্তির সামনে ধর্না দিন, এই বাংলা এবং বাংলা ভাষার ওপর অত্যাচারের বিরুদ্ধে।”