সম্প্রতি প্রধানমন্ত্রী আসানসোলে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছিলেন, সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “৫৪ কোটি টাকা তো রাজ্য সরকারই দিয়েছে। টাকা দেব আমরা, আর ফিতে কাটবেন আপনারা? এটা চলবে না।”
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 July 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের ধর্মতলার সভামঞ্চ থেকে বাংলার সংস্কৃতি, ভাষা ও স্বাভিমানের পক্ষে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বাংলা ভাষার (Bengali language) উপর চলা ‘অত্যাচার’-এর বিরুদ্ধে সরব হয়ে তিনি জানিয়ে দিলেন, এবার ভাষার লড়াই ফের শুরু হবে। দিলেন আন্দোলনের রূপরেখা। হুঁশিয়ারির সুরে বললেন, “ভাষা রক্ষার শপথ নিচ্ছি, প্রয়োজনে জীবন দেব, তবু বাংলা ভাষার উপর এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না।”
মমতার বার্তা, “তৃণমূলের দর্শন একটাই— বাম-বিজেপির বিসর্জন।” কর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট নির্দেশ, “২৭ জুলাই নানুর দিবস থেকে শুরু হোক প্রতিবাদ— মিটিং, মিছিল করুন। ২৬ এর নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চলবে। বাংলার ভাষা ও সংস্কৃতির উপর কোনও আঘাত সহ্য করা হবে না। কোনও পরিযায়ী পরিবারের উপর যদি অত্যাচার হয়, তাদের পাশে দাঁড়ান।”
ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উদ্দেশেও মুখ্যমন্ত্রীর বার্তা, “বাংলায় ছ’টি নতুন অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। দেউচা-পাঁচামিতে কাজ শুরু হচ্ছে। শিল্প আসছে বাংলায়। ফিরে আসুন, এখানে কাজের অভাব হবে না।”
সম্প্রতি প্রধানমন্ত্রী আসানসোলে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছিলেন, সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “৫৪ কোটি টাকা তো রাজ্য সরকারই দিয়েছে। টাকা দেব আমরা, আর ফিতে কাটবেন আপনারা? এটা চলবে না।”
বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার উন্নয়ন দেখে ভয় পাচ্ছে ওরা। তাই বাংলাকে টার্গেট করছে। বাংলা ভাষার উপর কেন এই সন্ত্রাস? এই বাংলা তো স্বাধীনতার জন্য লড়েছে, নবজাগরণের জন্মস্থান এই মাটি। বাংলার মানুষকে যদি বাংলা বলার অপরাধে বাইরে গ্রেফতার করা হয়, তবে লড়াই হবে দিল্লিতে গিয়েও।”
আবারও একবার সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, “আমি ছাড়ার লোক নই। দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না।”