ওবিসি শংসাপত্র ইস্যুতে আইনি পথেই সরকারকে মোকাবিলা করার হুঁশিয়ারিও দেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 10 June 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: ওবিসি শংসাপত্র (OBC) দেওয়া নিয়ে বিধানসভায় মিথ্যে তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Chief Minister Mamata Banerjee), এই অভিযোগে সোমবার দুপুরে বিধানসভা কক্ষত্যাগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিজেপি বিধায়করা।
শুভেন্দুর অভিযোগ, "হাইকোর্ট, সুপ্রিমকোর্টে ওবিসি শংসাপত্রের মামলা পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিস না দিয়ে বিরোধীদের ২ মিনিট বলার সুযোগ না দিয়ে বিধানসভায় একতরফা বলে চোরের মতো পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। এই সরকার মুসলমানের সরকার, মুসলিম লিগের সরকার"
শুভেন্দুর অভিযোগ, বেছে বেছে হিন্দুদের একাধিক জাতিকে ওবিসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাই সুপ্রিমকোর্টে রয়েছে ওবিসি মামলা। ওই দিন এ ব্যাপারে বিজেপি আদালতে মুভ করবেন বলেও জানান শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, "হিন্দু ওবিসিদের অধিকার রক্ষা করবই। আইনি লড়াই হবে।"
সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভায় বক্তৃতা দিতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি শংসাপত্রর প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, “ওবিসি শংসাপত্রর ক্ষেত্রে ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতেই আদালতের নির্দেশ মেনে রাজ্য সমীক্ষা করেছে। ওবিসি এ বিভাগে ৪৯টি এবং ওবিসি বি বিভাগে ৯১টি শ্রেণি রয়েছে। আরও ৫০টি অন্তর্ভুক্ত হবে। এজন্য আরও সমীক্ষা চালানো হচ্ছে।" সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে বলেও জানান মমতা।
এরপরই বিধানসভায় স্পিকারের উদ্দেশে শুভেন্দু চিৎকার করে বলতে থাকেন, 'মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন, আমি কিছু বলতে চাই।"
স্পিকার অবশ্য অনুমতি না দিয়ে প্রথম অর্ধের বিধানসভা শেষ করে দেন। এরপরই বিধানসভা কক্ষ ত্যাগ করে বাইরে এসে বিক্ষোভ দেখান শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। ওবিসি শংসাপত্র ইস্যুতে আইনি পথেই সরকারকে মোকাবিলা করার হুঁশিয়ারিও দেন শুভেন্দু।