দুর্ঘটনার সময়ে রাস্তার ধারে খেলছিল শিশুটি। হঠাৎ একটি স্কুটি এসে ধাক্কা মেরে তাকে টেনে নিয়ে যায় কিছুটা দূর পর্যন্ত।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 August 2025 19:04
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় (Howrah) এক শিশুর মৃত্যুকে (Child Death) ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। শুক্রবার শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন বালিঘাট এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময়ে রাস্তার ধারে খেলছিল শিশুটি। হঠাৎ একটি স্কুটি এসে ধাক্কা মেরে তাকে টেনে নিয়ে যায় কিছুটা দূর পর্যন্ত। তারপরেই পালিয়ে যায় চালক। আহত শিশুটিকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত যুবক নিকটবর্তী এলাকাতেই থাকেন। তাঁকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও শনিবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই দাবি ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।
শনিবার দুপুরে শিশুটির মৃত্যু হওয়ার পর ময়নাতদন্তে নিয়ে যাওয়ার সময়ে হাসপাতালের বাইরে বিক্ষোভ হয়। বিকেলে মল্লিক ফটকের কাছে জিটি রোড অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
অন্যদিকে পুলিশের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল। আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্ত হয়েছেন।