ফুটেজে দেখা গেছে, এক মহিলা গাড়িটি চালাচ্ছিলেন এবং তাঁর সন্তান বসেছিল পাশের সিটে। দুর্ঘটনার পর আর সেখানে দাঁড়াননি তিনি। দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান গাড়ি নিয়ে।

দুর্ঘটনার মুহূর্তের ছবি
শেষ আপডেট: 16 August 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day) দিন সকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক অবসরপ্রাপ্ত সেনা অফিসারের (Retired Army Captain)। জয়পুরে (Jaipur) ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা (Car Accident)। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন ও প্রাক্তন সেনা অফিসার। তারপর সেই গাড়িটিই তাঁকে প্রায় ১০ ফুট টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর (Death)।
স্থানীয় সূত্রে খবর, নিজের সাইকেলে চিত্রকূট স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন ক্যাপ্টেন নরসরাম জাজরা নামের অবসরপ্রাপ্ত ওই সেনা অফিসার। সেই সময়ই হঠাৎ পিছন থেকে একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে তাঁকে। গাড়ির সামনের চাকার তলায় আটকে প্রায় ১০ ফুট টেনে নিয়ে যায় ওই অবসরপ্রাপ্ত সেনাকে। এই নৃশংস ঘটনার দৃশ্য ধরা পড়েছে রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরায়।
ওই ফুটেজে দেখা গেছে, এক মহিলা গাড়িটি চালাচ্ছিলেন এবং তাঁর সন্তান বসেছিল পাশের সিটে। দুর্ঘটনার পর আর সেখানে দাঁড়াননি তিনি। দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান গাড়ি নিয়ে।
জয়পুরে সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। মাত্র দু’সপ্তাহ আগে নাই মাতা মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছিল ১৫ বছরের সাফান বেগ নামে এক কিশোরের।
এছাড়াও চলতি বছরের এপ্রিলে শহরের ব্যস্ত রাস্তায় একটি এসইউভি প্রায় ন’জনকে চাপা দিলে তিনজনের মৃত্যু হয়, গুরুতর জখম হন আরও ছ’জন। ওই ঘটনায় অভিযুক্ত উসমান খানকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েছিল স্থানীয় মানুষ।
বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা জয়পুরের পথ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।