বড় সাফল্য রাজ্য পুলিশের। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল হুগলি জেলা পুলিশ।

সাঁতারু বুলা চৌধুরী
শেষ আপডেট: 17 August 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রাক্তন সাঁতারু ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনার পর অবশেষে উদ্ধার হল তাঁর অধিকাংশ পদক। তবে দুঃখের বিষয়, এখনও খুঁজে পাওয়া যায়নি তাঁর প্রিয় পদ্মশ্রী পদক। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া ২৯৫টি পদক এবং তামা, কাঁসা, পেতলের সামগ্রী উদ্ধার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত কৃষ্ণা চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
১৫ অগস্ট সকালে বুলা চৌধুরীর হুগলির দেবাইপুকুরের বাড়ি থেকে চুরির খবর পান পুলিশ। ঘটনাটি ঘিরে উদ্বেগ ছড়ায় গোটা রাজ্যে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগীর নির্দেশে বিশেষ দল গঠন করা হয়। ফরেনসিক ও সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে শুরু হয় তদন্ত। সূত্র ধরে শেষ পর্যন্ত রিষড়া চার নম্বর রেলগেট এলাকার বাসিন্দা কৃষ্ণাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ১২ অগস্ট প্রথমে বাড়িতে রেকি করে কিছু জিনিসপত্র চুরি করে সে। পরে ১৪ আগস্ট আবারও বাড়ি ফাঁকা দেখে বড় চুরির ঘটনা ঘটায়।
চুরি হওয়া পদক ফিরে পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন বুলা চৌধুরী। তিনি বলেন, “শুধু পদক নয়, এগুলো আমার আবেগের সঙ্গে জড়িয়ে আছে। ছয় বছর বয়স থেকে সাঁতার কাটছি, দেশ-বিদেশে বহু সম্মান পেয়েছি। চুরি হওয়ার দিন ভেঙে পড়েছিলাম। আমি মুখ্যসচিবকে জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা ভাবছিলাম। তার আগেই পুলিশ আমার পদক উদ্ধার করেছে। এত দ্রুত কাজ করবে, ভাবতেই পারিনি।”
তবে তিনি আক্ষেপের সুরে জানান, রাষ্ট্রপতি প্রদত্ত পদ্মশ্রীর দুটি পদকের মধ্যে ছোট পদকটি এখনও পাওয়া যায়নি। তিনি সেটি খুঁজে দেখবেন বললেও পুলিশকে অনুরোধ করেছেন খোঁজ চালিয়ে যাওয়ার জন্য।
ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস জানিয়েছেন, দেবাইপুকুর এলাকায় টহল ও সচেতনতা বাড়ানো হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়। পুলিশের অনুমান, অভিযুক্ত কৃষ্ণার সঙ্গে আরও কেউ এই চুরিতে যুক্ত থাকতে পারে। তাদের ধরা গেলে বাকি পদকও উদ্ধার হতে পারে।
এর আগেও দু’বার তাঁর বাড়িতে চুরি হয়েছে বলে জানান প্রাক্তন সাঁতারু। তাই তিনি দেবাইপুকুরের বাড়িতেই একটি মিউজিয়াম গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে তাঁর সমস্ত সম্মাননাগুলি সুরক্ষিত থাকবে।