প্রাক্তন সাঁতারু এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত (Padma Purashkar) বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে সিআইডি।

মিঠুন চক্রবর্তী
শেষ আপডেট: 16 August 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: শনিবার দলীয় কাজে শ্রীরামপুর সফরে গিয়েছিলেন অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেখানেই প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর (Bula Chowdhury) পদ্মশ্রী স্মারক চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। ব্যঙ্গের সুরে বলেন, ‘‘যিনি চুরি করেছেন, তাঁকে আলাদা করে আর একটি পদ্মশ্রী দেওয়া উচিত!’’ তবে সঙ্গে এও বলেন, ‘‘যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, দয়া করে স্মারকগুলি ফেরত দিন।’’
পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত (Padma Purashkar) বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে সিআইডি। শনিবার তদন্তকারী দলের সদস্যরা হুগলির হিন্দমোটরের দেবাইপুকুরে অবস্থিত তাঁর বাসভবন ‘সুন্দর বাড়ি’-তে পৌঁছন। পরিবারের সঙ্গে কথা বলে তারা গোটা বাড়ি ঘুরে দেখেন। ইতিমধ্যেই ঘটনায় কয়েক জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
গত শুক্রবার ফাঁকা বাড়ি থেকে বুলার জীবনের যাবতীয় সাফল্যের স্মারক— পদ্মশ্রী-সহ সব পদক উধাও হয়ে যায়। অভিযোগ, ঘরের আলমারি ভেঙে সেগুলি চুরি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন সাঁতারু। তাঁর দাদা-বৌদির অভিযোগ, এর আগে একই বাড়িতে আরও তিন বার চুরির ঘটনা ঘটেছে।
ঘটনার দিনই উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা ও ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শনে যান। পাশাপাশি সিআইডির ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করে এবং বাড়ির ছবি তোলেন।