রাজ্যে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (SIR)। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম যাচাই করছেন। তার মধ্যেই এই অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
.jpeg.webp)
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 4 November 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ শুরু হতেই হিঙ্গলগঞ্জে (Hingalganj, North 24 Porogona) ফের ‘বাংলাদেশি ভোটার’-এর (Bangladeshi voter) অভিযোগে শোরগোল। স্থানীয় সূত্রে খবর, নাজমুল গাজি নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিজের শ্বশুরকে ‘বাবা’ হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন!
জানা গিয়েছে, নাজমুল গাজির আসল পরিচয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অভিযোগ, তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাঁর আসল নাম মহম্মদ আব্দুস সালাম। ভারতে ঢুকে নাম পাল্টে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত এলাকায় বসবাস শুরু করেন তিনি। শুধু ভোটার কার্ড নয়, একাধিক সরকারি নথিতেও নাকি একই পরিচয় ব্যবহার করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য। শাসক-বিরোধী দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। কেউ বলছে, প্রশাসনের নাকের ডগায় এভাবে ভুয়ো ভোটার তৈরি হয়েছে, আবার কেউ বলছে, এ সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।
উল্লেখ্য, রাজ্যে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (SIR)। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম যাচাই করছেন। তার মধ্যেই এই অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন এক আধিকারিক।