আপনার খরচের ধরণ, মাসিক বাজেট—সবকিছু এখন নজরে রাখবে পেটিএম। কোন খাতে কত খরচ হচ্ছে, তার স্বয়ংক্রিয় সারাংশ জানিয়ে দেবে অ্যাপ নিজেই।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 12 November 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ফিনটেক দুনিয়ায় আবার এক নতুন অধ্যায়ের সূচনা। শুধু টাকা পাঠানো বা বিল মেটানো নয়, এবার আপনার আর্থিক অভ্যাসই বুঝে নেবে পেটিএম (Paytm)। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দৌলতে ডিজিটাল লেনদেনের (Digital Payments) জগতে পেটিএম আনছে ‘বুদ্ধিমত্তার যুগ’।
কী থাকছে এই নতুন পেটিএম অ্যাপে? প্রতি পেমেন্টের পর এবার ব্যবহারকারীরা পাবেন ‘গোল্ড কয়েন’। চাইলে তা পরে রূপান্তরিত করা যাবে ডিজিটাল সোনায়। মানে, খরচ করেও সঞ্চয়ের হাতছানি!
আপনার খরচের ধরণ, মাসিক বাজেট—সবকিছু এখন নজরে রাখবে পেটিএম। কোন খাতে কত খরচ হচ্ছে, তার স্বয়ংক্রিয় সারাংশ জানিয়ে দেবে অ্যাপ নিজেই। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কে ছড়িয়ে থাকা UPI অ্যাকাউন্টগুলির মোট ব্যালেন্স একসঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারী। আলাদা করে হিসেব মেলানোর ঝামেলা শেষ।
হোয়াটসঅ্যাপ থেকে কপি করা IFSC বা ব্যাঙ্ক কোড সরাসরি ‘ম্যাজিক পেস্ট’-এর মাধ্যমে ভরে যাবে ফর্মে। প্রাইভেসি নিয়ে চিন্তা? থাকছে ‘হাইড পেমেন্টস’ অপশন—আপনার লেনদেন ইতিহাসে যা রাখতে চান, তাই রাখুন!
ডাক্তার, জিম ট্রেনার বা অটোচালকদের জন্য এসেছে ‘রিসিভ মানি উইজেট’। অ্যাপ না খুলেই ফোনের হোম স্ক্রিন থেকে পেমেন্ট নেওয়া যাবে এক ট্যাপে।
অনাবাসী ভারতীয়দের জন্যও সুখবর! ১২টি দেশ থেকে NRE বা NRO অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই করা যাবে ইউপিআই পেমেন্ট।
সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন, “আমরা পেমেন্টে এনেছি ইন্টেলিজেন্স। এই অ্যাপ আপনার খরচ বুঝবে, গুছিয়ে দেবে, আর আপনাকে স্মার্টভাবে সেটি পরিচালনা করতে সাহায্য করবে। ভারতের জন্য ভারতে তৈরি এই প্রযুক্তিই স্মার্ট পেমেন্টকে নিয়ে যাবে পরবর্তী স্তরে।”
অতএব, ডিজিটাল লেনদেনে গতি ও গোপনীয়তা—দুই-ই চাইলে, নতুন এআই-চালিত পেটিএম অ্যাপটি আপনার হাতের স্মার্টফোনকেই করে তুলবে আপনার ব্যক্তিগত আর্থিক সহকারী।