ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 August 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ফুটবল মাঠে তৃণমূল নেতৃত্বকে ঘিরে অভিযোগ। এ বার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। অভিযোগ উঠল, আন্তঃরাজ্য ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এক স্কুলশিক্ষককে প্রকাশ্যে কিল-চড়-ঘুষি মেরেছেন স্থানীয় তৃণমূল নেতা খয়রুল ইসলাম। আহত ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত খয়রুল ইসলাম ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। স্থানীয় মহলে পরিচিত ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে। এই ঘটনার পর উত্তর কাশীপুর থানার সামনে শিক্ষকের জন্য বিচার চেয়ে বসে পড়েন ছাত্রছাত্রীরা।
শনিবার ভাঙড় ২ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ‘খেলা হবে’ দিবস উপলক্ষে কারবালা ফুটবল ময়দানে আন্তঃরাজ্য ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকরা।
টুর্নামেন্টের ফাইনালে ভগবান হাই স্কুল বনাম হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার ম্যাচ চলাকালীন মাঠে দুই দলের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় মাঠের বাইরে খয়রুল ইসলামের নেতৃত্বে কয়েকজন বহিরাগত ভগবান হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা চালান। আক্রান্ত শিক্ষক নাসিরউদ্দিন অভিযোগ করেন, ‘খেলার উত্তেজনার মাঝেই খয়রুল ইসলাম ও তাঁর সঙ্গীরা আমাদের উপর চড়াও হন। আমায় মাথা ও মুখে মারধর করা হয়। পাশাপাশি আরও তিনজন শিক্ষককে আঘাত করা হয়েছে।’
তাঁর আরও দাবি, ‘ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে গালিগালাজ করেছেন অভিযুক্ত।’
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত নেতা বা স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে মুখ খোলেননি।