কখনও তিনি বাংলা ছবির জনপ্রিয় মুখ, কখনও তীক্ষ্ণ রাজনৈতিক বক্তা। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখে রাজনৈতিক প্রশ্ন তোলেন।

শেষ আপডেট: 16 March 2026 17:22
দ্য ওয়াল ব্যুরো: কখনও তিনি বাংলা ছবির জনপ্রিয় মুখ, কখনও তীক্ষ্ণ রাজনৈতিক বক্তা। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখে রাজনৈতিক প্রশ্ন তোলেন। অভিনেতা থেকে রাজনীতির ময়দানে আসা রুদ্রনীল ঘোষের জীবনের এই পথচলা বরাবরই আলোচনায় থেকেছে। এবার বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হতে চলেছেন রুদ্রনীল।
আর এই খবরটি যখন তাঁর কানে পৌঁছল, তখন সেটাও ছিল একেবারে অপ্রত্যাশিতভাবে। দ্য ওয়ালের কাছ থেকেই প্রথম এই জল্পনার কথা জানতে পারেন তিনি। ফোনের ওপারে খবরটি শুনেই যেন খানিক আবেগ চেপে রাখতে পারেননি অভিনেতা-রাজনীতিক। তাঁর কথায়, “আপনাদের মুখেই প্রথম খবরটা পেলাম। শুনে খুব আনন্দিত হলাম।”
এই আনন্দের সঙ্গে মিশে আছে ব্যক্তিগত স্মৃতিও। কারণ শিবপুর শুধু একটি রাজনৈতিক কেন্দ্র নয়, রুদ্রনীলের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর পরিচয়। তিনি জানালেন, “আমার নিজের জন্ম, নিজের বেড়ে ওঠা—সবই তো ওখানে।”
হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের জগাছা এলাকা তাঁর শৈশব-কৈশোরের ঠিকানা। সেই মাটিতেই বড় হওয়া, সেই পাড়ার রাস্তায় হাঁটতে হাঁটতেই একসময় থিয়েটার, তারপর সিনেমা—শেষ পর্যন্ত রাজনীতির মঞ্চে পৌঁছনো। তাই শিবপুরের নাম উঠতেই তাঁর কণ্ঠে যেন এক অন্য আবেগ শোনা গেল।
তবে দলীয় সিদ্ধান্তের প্রতি নিজের আনুগত্যের কথাও স্পষ্ট করে দিলেন তিনি। রুদ্রনীল বললেন, “দল আমাকে যেখান থেকেই টিকিট দিত, আমি সেখান থেকেই দাঁড়াতাম। যেখানে দাঁড়াই না কেন, লড়াইটা জানপ্রাণ দিয়ে করব।”
রাজনীতির ময়দানে তাঁর এই লড়াই নতুন নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন, যা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই কঠিন লড়াইয়ের অভিজ্ঞতা এখনও তাঁর স্মৃতিতে তাজা। নির্বাচনের পরেও এলাকায় থাকার কথা তিনি নিজেই বলেছেন এবং রাজনৈতিক সংঘর্ষের মুখোমুখিও হয়েছেন একাধিকবার।
গত কয়েক বছরে বিজেপির রাজনীতিতে রুদ্রনীল ঘোষকে প্রায় নিয়মিতভাবেই দেখা গিয়েছে সক্রিয় ভূমিকায়। কখনও জনসভা বা মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ শানিয়েছেন, আবার কখনও সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে নিজের মত স্পষ্টভাবে তুলে ধরেছেন। ফলে ধীরে ধীরে তিনি শুধু অভিনেতা হিসেবেই নয়, বরং দলের এক সক্রিয় পূর্ণসময়ের রাজনৈতিক মুখ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। (BJP Candidate list 2026, West Bengal Election 2026, howrah shibpur , rudranil ghosh)
রুদ্রনীলের কথায়, “শিবপুর তো আমার নিজের জায়গা, আমার ভিটে-মাটি। সেখান থেকে লড়াই করার সুযোগ যদি সত্যিই পাই, তাহলে লড়াইটাও আরও প্রাণপণ হবে।” এরই মধ্যে বিজেপি আনুষ্ঠানিকভাবে তাদের ১৪৪ জন প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে, ফলে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।