“যিনি সারাজীবন এই মাটিতে জীবন কাটালেন, তাঁকে আজ প্রমাণ দিতে হচ্ছে— তিনি এই মাটিরই সন্তান! এর চেয়ে বড় মানবতার বিশ্বাসঘাতকতা আর কী হতে পারে?”

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 30 October 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব যাচাইয়ের নামে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি, ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের (Election Commission) ঘোষণার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই একের পর এক দুঃখজনক ঘটনা ঘটছে রাজ্যে। এখনও পর্যন্ত আতঙ্কে মৃত্যু হয়েছে দু'জনের। আশঙ্কাজনক আরও একজন।
বৃহস্পতিবার এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে কমিশন এবং বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমরা প্রত্যক্ষ করছি বিজেপির ভয়, বিভাজন ও ঘৃণার রাজনীতির মর্মান্তিক পরিণতি।”
তিনি টুইটে জানান, ২৭ অক্টোবর খড়দহের পানিহাটির প্রদীপ কর (৫৭) আত্মহত্যা করেন। চিঠিতে লেখেন, “আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি।” SIR প্রক্রিয়ায় হয়রানির আতঙ্কে ২৮ অক্টোবর কোচবিহারের দিনহাটার এক প্রবীণ ব্যক্তি জীবন শেষ করার চেষ্টা করেন। আর তারপর আজ, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ক্ষিতিশ মজুমদার (৯৫) ইলামবাজারে আত্মহত্যা করেন— আশঙ্কা, তাঁর জমি কেড়ে নেওয়া হবে, তাঁর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।
এরপরই অমিত শাহকে নিশানা করে মমতার তীব্র প্রশ্ন, “রাজনৈতিকভাবে সৃষ্ট এই মৃত্যুর দায় কে নেবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব নেবেন? সত্যটা স্বীকার করার সৎসাহস কি আছে বিজেপির?”
তিনি আরও লিখেছেন, “যিনি সারাজীবন এই মাটিতে জীবন কাটালেন, তাঁকে আজ প্রমাণ দিতে হচ্ছে— তিনি এই মাটিরই সন্তান! এর চেয়ে বড় মানবতার বিশ্বাসঘাতকতা আর কী হতে পারে?”
জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ উত্তেজিত হবেন না, কেউ চরম পদক্ষেপ নেবেন না। মা-মাটি-মানুষ সরকার আপনাদের পাশে আছে। এনআরসি বাংলায় কোনও ভাবেই কার্যকর হতে দেব না— না সামনে দিয়ে, না পেছনের দরজা দিয়ে।”
শেষে তাঁর হুঁশিয়ারি, “একজনও বৈধ নাগরিকের নাম আমরা থাকতে বাদ দিতে দেব না। মানুষের অধিকার রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ব।”