ধৃতের নাম সুরেশ ঠাকুর। তিনি গুজরাটের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলেন তিনি। গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে নগদ ২৫ লক্ষ টাকা পাওয়া যায়।

এই গাড়ি থেকেই উদ্ধার টাকা
শেষ আপডেট: 20 March 2026 11:41
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026)আগে নজরদারি বাড়তেই খাস কলকাতায় বিপুল নগদ উদ্ধারের (Cash Found In Kolkata) ঘটনা সামনে এল। নিউটাউনের সিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে একটি অ্যাপ ক্যাব থেকে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই নজরদারি চালাচ্ছিল বিধাননগর গোয়েন্দা বিভাগ এবং ইকোপার্ক থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব আটকানো হয়। তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ।
ধৃতের নাম সুরেশ ঠাকুর। তিনি গুজরাটের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলেন তিনি। গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে নগদ ২৫ লক্ষ টাকা পাওয়া যায়।
নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় এই ধরনের নগদ লেনদেন নিয়ে বিশেষ নজরদারি চলছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই বিপুল অর্থের উৎস কী এবং তা কোনও বেআইনি কাজে ব্যবহার হওয়ার কথা ছিল কি না।
এদিকে, এর আগেই আলিপুরদুয়ারে একই ধরনের একটি ঘটনা সামনে এসেছিল। সেখানে অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিকেন ঈশ্বরারি দাবি করেন, ওই টাকা তাঁর ব্যক্তিগত এবং বৈধ। তিনি পেশায় রেশন ডিলার ও সুপারি ব্যবসায়ী এবং নিয়মিত কেনাকাটার জন্য নগদ অর্থ সঙ্গে রাখেন।
আলিপুরদুয়ারের ঘটনায়ও নাকা চেকিংয়ের সময় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছিল। গাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখতে গিয়ে উদ্ধার হয় ৫০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল।
পরপর এই ধরনের ঘটনায় ভোটের আগে প্রশাসনের কড়া নজরদারির ছবি স্পষ্ট হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও এই ধরনের তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হবে।
সব মিলিয়ে, নির্বাচনের আবহে নগদ উদ্ধারের ঘটনা ঘিরে প্রশাসন যেমন সতর্ক, তেমনই তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর পিছনে কোনও বৃহত্তর যোগসূত্র রয়েছে কি না।