প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো এদিনও এলাকার কচিকাঁচারা মাঠে খেলতে গিয়েছিল। তখনই ঘটে ওই ভয়াবহ ঘটনা।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 2 December 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: বিকেলের খেলাধুলোর আনন্দের মুহূর্তে বদলে গেল বোমার আওয়াজে। ব্যাডমিন্টন খেলার সময় মাঠের পাশে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হল ৯ বছরের এক শিশু।
ঘটনাস্থল, হাওড়ার (Howrah) ব্যাঁটরা থানার ভোলানাথ কবিরাজ লেন। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অদূরেই থানা। স্বভাবতই গোটা ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণে গুরুতর জখম ৯ বছরের শিশুটির নাম রৌসন সিং। বিস্ফোরণের জেরে তাঁর ডান হাত ও ডান চোখ ঝলসে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। এখনও সেখানে চিকিৎসাধীন রৌসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো এদিনও এলাকার কচিকাঁচারা মাঠে খেলতে গিয়েছিল। তখনই ঘটে ওই ভয়াবহ ঘটনা। ঘটনার জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। থানার এত কাছে কে বা কারা বোমাটি ফেলে রাখল—তা নিয়ে উঠেছে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যাটরা থানার পুলিশ। পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও আলাদা করে তদন্তে নেমেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাঝে মধ্যেই দুষ্কৃতীদের আনাগোনা দেখা যায়। পুলিশের টহলদারি বাড়নোর দাবিও তুলেছেন তাঁরা।
এই ঘটনায় ফের শোরগোল—শহরের ঘরোয়া মাঠেও কি ঢুকে পড়ছে বোমা-সন্ত্রাসের থাবা? পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।