ক্রেতারা দাম বৃদ্ধি নিয়ে বলতে গেলে বিক্রেতারা বলছেন, সামনে ক্রিসমাস। জোগান এবং চাহিদা সংক্রান্ত সামঞ্জস্যের ঘাটতিতে ডিমের দাম এমন বাড়তে পারে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 2 December 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম (Egg Prices increasing)। বিশেষ করে পোলট্রি মুরগির ডিম। মঙ্গলবার বাজারে ডিমের দর ৮ টাকা। ক্রেতারা দাম বৃদ্ধি নিয়ে বলতে গেলে বিক্রেতারা বলছেন, সামনে ক্রিসমাস। জোগান এবং চাহিদা সংক্রান্ত সামঞ্জস্যের ঘাটতিতে ডিমের দাম আরও বাড়তে পারে।
মঙ্গলবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ডিমের দাম বৃদ্ধির প্রসঙ্গটি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কথায়, "ডিমের দাম কেন বাড়ছে, তা নিয়ে বাংলার প্রতি অপপ্রচার করা হচ্ছে।"
এরপরই কেন্দ্রকে (Centre) নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "মনে রাখবেন, বাংলা থেকে ১২টা রাজ্যে ডিম সরবরাহ করা হয়। কিন্তু হাঁস, মুরগির খাবারের দাম তো কেন্দ্র নিয়ন্ত্রণ করে। প্রতি বছর ওদের খাবারের দাম ১২ শতাংশ করে বৃদ্ধি করা হচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়ায় বাংলার নামে মিথ্যে কথা বলা হচ্ছে।"
মুখ্যমন্ত্রী জানান, শুধু ডিম নয়, পিঁয়াজ উৎপাদনেও, এমনকী ইলিশ চাষেও রাজ্য স্বয়ংসম্পূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এখন আমাদের রাজ্য থেকে বাইরে পিঁয়াজ যাচ্ছে। পিঁয়াজের জন্য আলাদা কোল্ড স্টোরেজ হয়েছে। ইলিশ চাষও হচ্ছে বাংলায়।
এই প্রসঙ্গে টেনে এনেছেন কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গ্রামীণ সড়ক, গ্রামীণ আবাস যোজনা,১০০ দিনের কাজ এই প্রকল্পগুলিতে আমরা পর পর চারবছর এক নম্বরে ছিলাম। তাই তো ওরা বাংলার টাকা বন্ধ করে রেখেছে।"
একই সঙ্গে কেন্দ্রের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "আশা করব, আমাদের প্রাপ্য টাকাটা দেবেন। ইলেকশন তো চলে এল। আর কবে টাকা দেবেন? ফেব্রুয়ারিতে দেবেন? যাতে কাজ করতে না পারি। তারপর আবার টাকাটা ফেরৎ নিয়ে নেবেন। চালাকিটা আমরাও বুঝি!"