চার দশক পর ফের একজন ভারতীয় মহাকাশে পাড়ি দিচ্ছেন। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর উদ্দেশে যাত্রা করবেন অ্যাক্সিয়োম-৪ মিশনের অংশ হিসেবে।

ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 3 June 2025 20:03
দ্য ওয়াল ব্যুরো: চার দশক পর ফের একজন ভারতীয় মহাকাশে পাড়ি দিচ্ছেন। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর উদ্দেশে যাত্রা করবেন অ্যাক্সিয়োম-৪ মিশনের অংশ হিসেবে। রাকেশ শর্মার পর তিনিই হবেন প্রথম ভারতীয়, যিনি এই কৃতিত্ব অর্জন করছেন।
বিশেষ এই অভিযানে শুধু বিজ্ঞান নয়, উঠে আসছে সংস্কৃতির ছোঁয়াও। মহাকাশে শুভাংশুর সঙ্গে থাকবে ঘরোয়া ভারতীয় খাবার— ঝরঝরে ভাত, মুগের হালুয়া ও আমের রস। শূন্য মাধ্যাকর্ষণের পরিবেশে এই খাবার পরিবেশন ও গ্রহণের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। ভাতের মতো খাবার, যা চটচটে নয় বরং ঝরঝরে, তা মহাকাশে বাতাসে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে। তবুও, ইসরো সিদ্ধান্ত নিয়েছে, এই খাবারই যাবে শুভাংশুর সঙ্গে।
এই মেনু শুধুই খাদ্যরসিকতা নয়— বরং একপ্রকার সাংস্কৃতিক বার্তাও। ইসরোর এক সূত্র জানায়, রুচির প্রশ্ন নয়, বরং এই খাবারগুলি ভারতের ঐতিহ্য বহন করে বলেই এগুলি বেছে নেওয়া হয়েছে। ভারতের মহাকাশ গবেষণায় ভবিষ্যৎ ভূমিকাকে আরও দৃঢ় করতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।
৮ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে শুভাংশুর রওনা হওয়ার সম্ভাবনা। অ্যাক্সিয়োম স্পেসের নেতৃত্বে, নাসা অনুমোদিত এই অভিযানে ১৪ দিন ধরে মহাকাশচারীরা আইএসএস-এ থেকে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। ভারতীয় বায়ুসেনার এই পাইলট থাকবেন পাইলটের ভূমিকায়।