পাকিস্তানের ‘স্ট্যাচু বোলার’ উসমান তারিককে হুবহু নকল করলেন সূর্যকুমার যাদব!

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 15 February 2026 08:41
দ্য ওয়াল ব্যুরো: ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে টি২০ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ। তার আগে শনিবার সন্ধ্যায় একই মাঠে অনুশীলনে নেমেছিল ভারতীয় দল। আর সেই অনুশীলনেই এক অভিনব কাণ্ড ঘটিয়ে সকলকে চমকে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
পাকিস্তানের রহস্যময় বোলার উসমান তারিকের অদ্ভুত বোলিং অ্যাকশন নকল করে সতীর্থ ব্যাটারদের অনুশীলন করান সূর্য। তারিক বোলিং করার সময় হঠাৎ মাঝপথে থেমে যাওয়ার মতো যে বিরল ভঙ্গি ব্যবহার করেন, সূর্যও ঠিক সেই রকম অ্যাকশনে বল করেন। উদ্দেশ্য একটাই—পাকিস্তানি বোলারের অস্বাভাবিক ভঙ্গির সঙ্গে আগেভাগে মানিয়ে নেওয়ার প্রস্তুতি। সূর্যের এই অভিনব উদ্যোগের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
যদিও শনিবারের অনুশীলন পুরোপুরি নির্বিঘ্ন ছিল না। বৃষ্টির কারণে নেট সেশন কিছুটা ব্যাহত হয়। এমনকি ম্যাচের দিন, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারিতেও বৃষ্টির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
এদিকে ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর, অভিষেক শর্মা পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন। শনিবার তিনি নেটে দীর্ঘ সময় ব্যাটিংও করেন। ফলে একাদশে তাঁর জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এর ফলে উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে আবারও বেঞ্চে বসে থাকতে হতে পারে।
😭😭😭😭???? @surya_14kumar pic.twitter.com/Yb1Txxb1sJ
— Kandur (@KoshurKandur) February 14, 2026
অন্যদিকে, দল নির্বাচন নিয়েও চলছে জোর আলোচনা। বিশেষ করে কলম্বোর স্পিন সহায়ক পিচে ভারত কি অতিরিক্ত স্পিনার খেলাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেক বিশেষজ্ঞের মতে, এই পরিস্থিতিতে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত তিনি খেলবেন কি না, তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। উল্লেখযোগ্যভাবে, এই একই পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিম্বাবুয়ে জয় পেয়েছিল, যা স্পিনারদের পক্ষে সহায়ক পরিস্থিতিরই ইঙ্গিত দেয়।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকেও উঠে আসে উসমান তারিক প্রসঙ্গ। এক পাকিস্তানি সাংবাদিক তাঁকে ‘আউট অফ সিলেবাস’ বলে উল্লেখ করলে সূর্যকুমার যাদব আত্মবিশ্বাসী ভঙ্গিতেই জবাব দেন। ভারত অধিনায়ক বলেন, পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন এলে যেমন তা এড়িয়ে যাওয়া যায় না, তেমনই মাঠেও প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাঁর কথায়, উসমান নিঃসন্দেহে আলাদা ধরনের বোলার, কিন্তু ভারত কোনওভাবেই আত্মসমর্পণ করবে না। বরং নেটে এমন ভিন্নধর্মী অ্যাকশনের বোলারদের সামনেই প্রস্তুতি নিয়ে নিজেদের আরও তৈরি করছে দল।