ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) সাংবাদিক বৈঠকে বলেন, "২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভাল করে খান, ঘুমান, আগামিকাল সিদ্ধান্ত নেব।"

ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ
শেষ আপডেট: 14 February 2026 19:57
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান ম্যাচ (India-Pakistan Match) মানেই উত্তেজনা, আবেগ, প্রতিদ্বন্দ্বিতা- আর সেই আবহই তৈরি হয়েছে শ্রীলঙ্কার কলম্বোতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মহারণকে ঘিরে। রবিবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে ম্যাচের আগে একটি প্রশ্ন, ভারত-পাকিস্তান কি এবারে 'হ্যান্ডশেক' (Handshake) করবে?
পাক অধিনায়ক (Pak Captain Salman Agha Ali) ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, "দু'দেশের সম্পর্ক যতই টানাপড়েন আসুক, ক্রিকেট (Cricket) যেন তার নিজের ঐতিহ্য ও খেলার স্পিরিট অনুযায়ী এগোয়। আমি আশা করব, খেলা যেন সেভাবেই হয় যেভাবে বারবার হয়ে এসেছে। ক্রিকেটকে ক্রিকেটের মতোই দেখা উচিত।"
আগামী ম্যাচে কি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন (Handshake with Indian Cricketers) করবেন পাক ক্রিকেটাররা। এর উত্তরে অধিনায়ক সরাসরি 'হ্যাঁ' বা 'না' বলেননি। বরং রহস্যময় ভঙ্গিতে জানান, 'কাল দেখা যাবে।'
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) সাংবাদিক বৈঠকে বলেন, "২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভাল করে খান, ঘুমান, আগামিকাল সিদ্ধান্ত নেব।" তাঁর কথায় কার্যত স্পষ্ট, দল এখনই হ্যান্ডশেক নিয়ে কোনও সিদ্ধান্ত জানাতে চায় না।
২০২৫-এর এশিয়া কাপে তিন ম্যাচে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হ্যান্ডশেক হয়নি। এমনকি ভারতীয় দল টুর্নামেন্ট জিতে পিসিবি চেয়ারম্যান তথা এশিয়া কাপ কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল, কয়েক মাস কেটে গেলেও সেই ট্রফি এখনও ভারতের হাতে এসে পৌঁছয়নি।
হিসেব বলছে, আগামিকাল যে দল ম্যাচ জিতবে তারা সরাসরি 'সুপার ৮'-এ জায়গা করে নেবে। দুই দলেরই পয়েন্ট ৪।
ভারত যদি পাকিস্তানকে হারায় এবং দুপুরের ম্যাচে USA বড় ব্যবধানে জিতে যায়, তাহলে পাকিস্তান টেবিলের তিন নম্বরে নেমে যেতে পারে। যদিও নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের আরেকটি ম্যাচ বাকি, তাই তাদের আশা পুরোপুরি শেষ হবে না।