নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে জশপ্রীত বুমরার ইয়র্কারে বাঁ পায়ে চোট পান ঈশান কিষান। অভিষেক শর্মার খেলা নিয়েও অনিশ্চয়তা। কী জানাল টিম ম্যানেজমেন্ট?

ফাইল চিত্র
শেষ আপডেট: 11 February 2026 21:14
দ্য ওয়াল ব্যুরো: নামিবিয়ার বিরুদ্ধে ভারতের পরের ম্যাচে অভিষেক শর্মা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। পেটের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, যদিও এখন তিনি ছাড়া পেয়েছেন। তবে ম্যাচে নামার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট।
এর মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ালেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচের আগের দিন অনুশীলনে নেমে চোট পান ঈশান (Ishan Kishan Injury)। নেটে ব্যাটিং করার সময় জশপ্রীত বুমরার একটি ইয়র্কার গিয়ে লাগে তাঁর বাঁ পায়ের পাতায়। একের পর এক ইয়র্কার সামলাচ্ছিলেন ঈশান, এমন সময় আচমকাই ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি দেখে চিন্তায় পড়ে যায় টিম ম্যানেজমেন্ট।
যদিও বিসিসিআই এখনও পর্যন্ত তাঁর চোট নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। তবে দলীয় সূত্রের খবর, আতঙ্কের কোনও কারণ নেই। প্রাথমিক চিকিৎসাতেই তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।
#IshanKishan #T20WorldCup2026
More details here: https://t.co/uJebCZmFC6 https://t.co/Dn9dPHAEHX— India Today Sports (@ITGDsports) February 11, 2026
এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রধান উইকেটকিপার-ব্যাটার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ঈশান। ভালো ফর্মে থাকায় তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। যদিও প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে বড় রান করতে পারেননি তিনি, ১৬ বলে ২০ রানেই থেমে যান।
অন্যদিকে, তিলক বর্মা জানিয়েছেন, জশপ্রীত বুমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত রয়েছেন। তবে তাঁকে খেলানো হবে কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের আগেই নেবে টিম ম্যানেজমেন্ট। একই পরিস্থিতি অভিষেক শর্মার ক্ষেত্রেও, তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ম্যাচের ঠিক আগে।