সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচকরা বেশি আস্থা রেখেছেন আক্রমণাত্মক ব্যাটারদের উপর। তবু স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি বড় মঞ্চে ভারসাম্য এনে দিতে পারে।

স্টিভ স্মিথ
শেষ আপডেট: 11 February 2026 18:08
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরু হতেই আবার বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) চোটের জেরে ছিটকে গেলেন। বদলি হিসেবে ডেকে পাঠানো হল স্টিভ স্মিথকে (Steve Smith)। ইতিমধ্যে জশ হেজলউড (Josh Hazlewood) ও প্যাট কামিন্সের (Pat Cummins) অনুপস্থিতিতে বিপর্যস্ত অজি দল এবার গভীরতর দুশ্চিন্তায়।
মার্শের চোট কতটা গুরুতর?
আয়ারল্যান্ডের বিরুদ্ধে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium, Colombo) প্রথম ম্যাচে খেলতে পারেননি মার্শ। অনুশীলনের সময় সাইড-আর্ম থ্রোডাউনে কুঁচকিতে চোট পান তিনি। স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) বক্তব্য, ‘ও এখনও ব্যথা ও অস্বস্তিতে ভুগছে। বিশ্রাম ও রিহ্যাব প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ মেনেই মাঠে ফেরা ঠিক হবে।’
মার্শের অনুপস্থিতিতে টস করতে নামেন ট্র্যাভিস হেড (Travis Head)। সামনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ—সিকান্দার রাজার (Sikandar Raza) দলকে হারাতে গেলে অভিজ্ঞ নেতৃত্বের অভাব টের পেতে পারে অস্ট্রেলিয়া।
বিগ ব্যাশের পুরস্কার, বিশ্বকাপে সুযোগ
স্মিথের ডাক পাওয়ার পেছনে বড় কারণ তাঁর সাম্প্রতিক ফর্ম। বিগ ব্যাশ লিগে (Big Bash League 2025-26) সিডনি সিক্সার্সের (Sydney Sixers) হয়ে ৬ ম্যাচে ২৯৯ রান। গড় প্রায় ৬০, স্ট্রাইক রেট ১৬৭-এর বেশি। সিডনি ডার্বিতে সিডনি থান্ডারের (Sydney Thunder) বিরুদ্ধে মাত্র ৪১ বলে সেঞ্চুরি—যা বিগ ব্যাশ ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। জশ ব্রাউন (Josh Brown) ও গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) পাশে নাম লিখিয়েছেন তিনি। স্মিথের ব্যাট থেকে এসেছিল ৯টি ছক্কা, ৫টি চার। সেই ইনিংসই হয়তো বিশ্বকাপের দরজা খুলে দিল।
টি-২০-তে স্মিথের রেকর্ড
শেষবার টি-২০ আন্তর্জাতিক খেলেছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ৬৭টি টি-২০ ম্যাচে ১০৯৪ রান। স্ট্রাইক রেট তুলনামূলক কম হলেও অভিজ্ঞতা তাঁর বড় সম্পদ। ২০২১ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচকরা বেশি আস্থা রেখেছেন আক্রমণাত্মক ব্যাটারদের উপর। তবু স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি বড় মঞ্চে ভারসাম্য এনে দিতে পারে। আপাতত তিনি দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছেন।