দুই দিনের টেস্ট জিতে এগিয়ে থাকা দল চাইছে সিরিজে লাগাম ধরে রাখতে—তবে ফিটনেসের সঙ্গে কোনও রকম আপস নয়।
.jpeg.webp)
প্যাট কামিন্স
শেষ আপডেট: 28 November 2025 11:13
দ্য ওয়াল ব্যুরো: ব্রিসবেন টেস্টেও দেখা যাবে না প্যাট কামিন্সকে (Pat Cummins)। অস্ট্রেলিয়া দ্বিতীয় অ্যাশেজ টেস্টের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করল। অর্থাৎ, অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ (Steve Smith)। আর কামিন্স দলের সঙ্গে ব্রিসবেন যাবেন স্রেফ পুনর্বাসন (rehab) প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ঘোষণা অনুযায়ী, ৪ ডিসেম্বর শুরু হওয়া ব্রিসবেন টেস্টের জন্য যে দল নামানো হয়েছে তাতে কোনও বদল নেই। প্রথম টেস্টে যে ১৫ জন ছিলেন, তাঁরাই থাকছেন। যার অর্থ, কামিন্সের পাশাপাশি ইনজুরির কারণে বাইরে থাকা শন অ্যাবট (Sean Abbott) ও জশ হ্যাজলউডও (Josh Hazlewood) খেলতে নামবেন না।
কামিন্সকে নিয়ে অনিশ্চয়তার সূচনা গত সপ্তাহে। তাঁকে পিংক বল হাতে অনুশীলন করতে দেখা যায়। নিজেও জানান, ‘অর্ধেক সুযোগ’আছে ব্রিসবেনে ফেরার। কিন্তু শেষমেশ চিকিৎসক ও নির্বাচকদের সবুজ সঙ্কেত না মিলায় তাঁকে বেঞ্চেই বসতে হচ্ছে। অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের (Andrew McDonald) ব্যাখ্যা, কামিন্সের গতি ও তীব্রতা অনুশীলনে যথেষ্ট ভালো দেখালেও এখনই তাঁর নরম টিস্যুর (soft tissue) উপর চাপ বাড়ানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই দ্রুত ফেরানোর বদলে সতর্ক পন্থা বেছে নেওয়া হয়েছে।
ব্রিসবেনের দলে থাকছেন—স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।
প্রথম টেস্ট দুই দিনেই শেষ হয়েছিল, সেই ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সিরিজে ১–০ এগিয়ে থেকে তারা ব্রিসবেনে নামছে। কামিন্সকে ছাড়া তুলনামূলক নির্বিষ পিচে অজিদের বোলিং কম্বিনেশন কেমন পারফর্ম করে, সেটাই বড় প্রশ্ন। ব্রেনডন ডগেট (Brendan Doggett) প্রথম টেস্টে দারুণ কায়দায় অভিষেক করেছেন। কামিন্স ফিরলে তাঁকে সম্ভবত জায়গা ছাড়তে হত। এখন তিনি আবার সুযোগ পেয়েছেন। ডগেট নিজে জানিয়েছেন, নির্বাচকরা কিছু বলেননি—তিনি শুধু অনুশীলন চালিয়ে যাচ্ছেন, সুযোগ পেলে প্রস্তুত থাকতে চান।
অন্যদিকে উসমান খোয়াজার (Usman Khawaja) পিঠের ব্যথা সত্ত্বেও তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে। তবে প্রথম একাদশে জায়গা নিশ্চিত নয়। ওপেনিংয়ে ট্র্যাভিস হেড (Travis Head) নামবেন নাকি খোয়াজা ফিরবেন—সেটা ব্রিসবেনে খেলা শুরুর আগে ঠিক হবে। সব মিলিয়ে, অস্ট্রেলিয়া সতর্ক পথেই হাঁটছে। দুই দিনের টেস্ট জিতে এগিয়ে থাকা দল চাইছে সিরিজে লাগাম ধরে রাখতে—তবে ফিটনেসের সঙ্গে কোনও রকম আপস নয়।