টিম ম্যানেজমেন্টের মাথায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঝুঁকি নিয়ে অভিষেককে খেলানো ঠিক হবে? নাকি বদলি হিসেবে সঞ্জু স্যামসনে আস্থা রাখবেন গম্ভীর?

অভিষেক শর্মা
শেষ আপডেট: 11 February 2026 18:47
দ্য ওয়াল ব্যুরো: স্বস্তির খবর ভারতীয় শিবিরে। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) নামিবিয়ার বিরুদ্ধে ভারতের পরের ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা থাকলেও আপাতত পরিস্থিতি স্থিতিশীল। পেটের সমস্যার কারণে রবিবার দিল্লিতে পৌঁছনোর পরই অভিষেককে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মেডিক্যাল টিম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে বিশ্রামে রাখে। আজ সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে সতীর্থ তিলক বর্মা (Tilak Varma) জানান, অভিষেক এখন আগের চেয়ে অনেকটাই ভাল। তবে নামিবিয়ার বিরুদ্ধে তিনি খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন। টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর ফিটনেস পর্যবেক্ষণে রাখবে। এমনিতে দিল্লির ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ। সূচিতে ঘনঘন খেলা থাকায় দল কোনও ঝুঁকি নিতে চাইছে না। অভিষেক সম্পূর্ণ ফিট না হলে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে আগের ম্যাচের আগেও অভিষেক পুরোপুরি সুস্থ ছিলেন না। খেলার পরে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। জ্বরে মাথা তুলতে না পারায় স্যালাইন পর্যন্ত দিতে হয়। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনও উপায় ছিল না। ফলে ১২ ফেব্রুয়ারি অর্থাৎ, আগামিকাল নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে গ্রুপ-স্টেজ ম্যাচে অভিষেককে পাওয়া যাবে কি না, তা নিয়ে জমে ওঠে অনিশ্চয়তা।
সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘অভির এখনও পেটের কিছু সমস্যা রয়েছে। আমরা আশা করছি, দু'দিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে।’ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একটি সূত্র পিটিআই (PTI)-কে স্পষ্ট জানিয়ে দেয়, মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বক্তব্য, ‘অভিষেককে পেটের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা চলছে। আজই ছাড়পত্র পাবে কি না, বলা যাচ্ছে না। তবে নামিবিয়ার বিরুদ্ধে নামা এখন কঠিন বলেই মনে হচ্ছে।’
আগের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক প্রথম বলেই আউট হন—গোল্ডেন ডাক। ভারত বোলিংয়ে নামার সময়ও তিনি মাঠে থাকতে পারেননি। তাঁর জায়গায় পুরো ইনিংস ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ম্যাচ শেষ হওয়ার পর বিজয় উদ্যাপনেও অভিষেককে দেখা যায়নি।
এদিকে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সংবাদিক বৈঠকে দুশখাতে এই খবর দেন। আজ তাঁর অনুশীলনের কথা ছিল। পাশাপাশি স্বস্তি জুগিয়েছে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ফিটনেসও। দুশখাতে বলেন, ‘দশ দিনের বিরতির পরে বুমরাহ নিয়মিত বল করছে। এখন অনেকটা ভাল আছে। আজও বোলিং করবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে তাঁর মত, ‘কৃতজ্ঞ যে আমাদের অধিনায়ক এমন ইনিংস খেলেছেন। গত এক বছরে ওর ফর্ম ওঠা–নামা করেছে। কিন্তু পাশে ভাল লোকজন রয়েছে বলেই ফর্মে ফিরে এসেছে। নেতৃত্ব, ধারাবাহিকতা—সবটাই ওর খেলায় স্পষ্ট!’
এই অবস্থায় অভিষেকের শারীরিক অবস্থার বড়সড় উন্নতি না হলে ভারতকে ওপেনিংয়ে বদল আনতেই হবে। ফলে নামিবিয়া ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের মাথায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঝুঁকি নিয়ে অভিষেককে খেলানো ঠিক হবে? নাকি বদলি হিসেবে সঞ্জু স্যামসনে আস্থা রাখবেন গম্ভীর?