সোমবার কাজাখস্তানের বিরুদ্ধে জয় মানেই ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাবে। আর জাপান–চিন ম্যাচ কার্যত বাঁচা–মরার লড়াই।

ভারতীয় হকি টিম
শেষ আপডেট: 31 August 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: রাজগীরের মাটিতে টানটান স্নায়ুযুদ্ধ। অঘোষিত কোয়ার্টার ফাইনাল বললেও ভুল হয় না। জাপানের বিরুদ্ধে এমন এক ম্যাচে ভারত শেষ হাসি হাসল, যেখানে মুহূর্তে মুহূর্তে চিত্রনাট্য পালটেছে। শেষ পর্যন্ত হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) জোড়া গোল আর মনদীপ সিংয়ের (Mandeep Singh) দুর্দান্ত পারফরম্যান্সে ৩-২ গোলে জয় তুলে সুপার ফোরের দোরগোড়ায় পৌঁছে গেল ‘মেন ইন ব্লু’!
প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ৪-৩ জয়ের পর সমালোচনার ঝড় উঠেছিল। বলা হচ্ছিল, ‘প্রো-লিগ হ্যাংওভার’। সেই কটাক্ষের জবাব আজ সুদে-আসলে মিটিয়ে দিল ভারতীয় দল। তিন মিনিটে মনপ্রীতের মিস, তার মিনিট খানেক বাদেই মনদীপের স্টিক-ম্যাজিক! পিঠ গোলের দিকে, তবু অসাধারণ টার্ন আর জোরালো শট। গোলকিপার হতবাক। ভারত এগিয়ে গেল ১-০।
হরমনপ্রীত তো রয়েইছেন! প্রথমে তিনবার ব্যর্থ হলেও চতুর্থ প্রচেষ্টায় পেনাল্টি কর্নার থেকে গোল ছিনিয়ে নিলেন। স্কোরলাইন চকিতে ২-০, খেলার বয়স মাত্র পাঁচ মিনিট, দর্শকদের অনেকে গুছিয়ে বসেননি পর্যন্ত!
দেড়শোতম আন্তর্জাতিক ম্যাচে কৃষাণ পাঠকের ওপর আস্থা ছিল না অনেকেরই। কিন্তু তিনিই ১৩ মিনিটে টানা দু’খানা দুরন্ত সেভ করে বোঝালেন অভিজ্ঞতা কোনওদিন পুরোনো হয় না!
এরপর অবশ্য জাপান লড়াইয়ে ফিরল। দ্বিতীয় কোয়ার্টারে অমিত রোহিদাসের গ্রিন কার্ডে ভারত নেমে গেল দশ জনে। সুযোগ বুঝে টানা চারটি পেনাল্টি কর্নার পেল জাপান। তবে বল গোললাইন পেরোয়নি।
অন্যদিকে হাফটাইমের পরও চাপ ধরে রাখে ভারত। সুখজিতের পাসে প্রায় স্ট্রাইকারের ভূমিকায় দেখা গেল হরমনপ্রীতকে। কিন্তু তখনই উলটপুরাণ! ৩৮ মিনিটে কাওয়াবে গোল করে ব্যবধান কমালেন।
কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে আবার জ্বলে উঠলেন ভারতীয় অধিনায়ক। দিনটির দ্বিতীয় গোল করে ফের দিলেন ৩-১ লিড। এই জায়গাতেই ভারত ম্যাচের রাশ একেবারে হাতে তুলে নিতে পারত। কিন্তু আগের মতোই ‘কিলার ইনস্টিংক্টে’র অভাব চোখে পড়ল।
চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার পেল ভারত, কিন্তু কাজে এল না। উলটে ৫৯ মিনিটে ফের গোল করল জাপান। ম্যাচে নতুন করে রোমাঞ্চ। শেষ মিনিটে সমতা ফেরানোর মতো সময় আর হাতে ছিল না। তাতেই বেঁচে গেল ভারত।
নেপথ্যনায়ক, অনেকের মতে, ভারতের কোচ ক্রেইগ ফুলটন। তাঁর দর্শন বরাবর একটাই—‘ডিফেন্স ইজ দ্য বেস্ট অ্যাটাক!’ এদিন তা বারবার মাঠে ধরা দিল। সামনে থেকে প্রেস, জাপানকে জায়গা না দেওয়া, প্রতিপক্ষকে ভাঙতে ভাঙতেই আক্রমণ সাজানো—ভারতের হকি যেন ফের পরিচিত ছন্দে।
এখন অঙ্ক বেশ পরিষ্কার। কাজাখস্তানকে ১৩-১ স্কোরলাইনে উড়িয়ে দিয়েছে চিন। তার আগে জাপানও তাদের সাত গোলে বিধ্বস্ত করে। ফলে সোমবার কাজাখস্তানের বিরুদ্ধে জয় মানেই ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাবে। আর জাপান–চিন ম্যাচ কার্যত বাঁচা–মরার লড়াই।