রাজনীতির ছায়ায় বারবার কেন ভেস্তে যাচ্ছে ভারত-পাকিস্তান হকির ঐতিহ্যবাহী লড়াই? মাঠে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত, সেখানে বারবার জিতে যাচ্ছে কূটনীতি। এটাই কি অমোঘ ভবিতব্য?

জুনিয়র পাকিস্তান হকি টিম
শেষ আপডেট: 3 September 2025 15:30
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরেই ভারতে বসছে জুনিয়র হকি বিশ্বকাপের (Junior Hockey World Cup) আসর। আয়োজক শহর চেন্নাই (Chennai) আর মাদুরাই (Madurai)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বেঁকে বসেছে পাকিস্তান (Pakistan)। শোনা যাচ্ছে, ভারতের মাটিতে নামতেই চাইছে না তারা। দ্বিপাক্ষিক উত্তেজনা-নিরাপত্তা ইস্যুর জেরে ফের খেলার ময়দানে টানাপোড়েন তৈরি হয়েছে।
পাকিস্তান হকি ফেডারেশনের (PHF) প্রেসিডেন্ট তারিক বুগতি খোলাখুলি বলেছেন, ‘পাকিস্তান জুনিয়র হকি দল বিশ্বকাপে খেলবে না। বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতে যেতে পারি না।’ মঙ্গলবার লাহোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুগতি জানান, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনই প্রধান বাধা।
ঠিক এই ইস্যুতে বিহারে চলতি এশিয়া কাপ থেকেও শেষ মুহূর্তে সরে দাঁড়ায় পাকিস্তান। ‘যুক্তি’ ছিল সেই নিরাপত্তা। বুগতির কথায়, ‘ভারতের সঙ্গে যে কায়দায় মতান্তর চলছে, তাতে ওখানে যাওয়া কার্যত অসম্ভব। দু’পাশেই যুদ্ধ পরিস্থিতি। আমাদের দল এই মুহূর্তে কিংবা ভবিষ্যতেও ভারতে গিয়ে খেলবে না। যদি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে আসতে না পারে, তবে পাকিস্তান হকি দলও ভারতে যেতে বাধ্য নয়!’
হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে আগেই জানিয়েছিলেন, পাকিস্তান অচ্ছুৎ নয়। তাদেরও স্বাগত জানানো হবে। তবে দেরি করলে বা হঠাৎ সরে দাঁড়ালে ভারত অপেক্ষা করে বসে থাকবে না। তিরকের কথায়, ‘আমরাও সংবাদমাধ্যম থেকে শুনেছি, পাকিস্তান নিশ্চিত করেছে। পরে ওরাই নানান কারণ দেখায়। আগের বারও সরকার ছাড়পত্র দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাতে নাম তুলে নেয়!’
পাকিস্তান না নামলেও আয়োজকরা হাত গুটিয়ে নেই। হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং জানিয়েছেন, জুনিয়র বিশ্বকাপ আয়োজনের কাজ একেবারে শেষ পর্যায়ে। পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত হলেও ভারতের প্রস্তুতিতে তার কোনও প্রভাব পড়বে না। এদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও সম্প্রতি পাকিস্তানের সঙ্গে খেলা-না খেলা নিয়ে নতুন নীতি ঘোষণা করেছে। এসবের ভিড়ে দ্বিপাক্ষিক টানাপোড়েন ফের আন্তর্জাতিক খেলার অঙ্গনকে স্পর্শ করল।
প্রশ্ন উঠছে—রাজনীতির ছায়ায় বারবার কেন ভেস্তে যাচ্ছে ভারত-পাকিস্তান হকির ঐতিহ্যবাহী লড়াই? মাঠে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত, সেখানে বারবার জিতে যাচ্ছে কূটনীতি। এটাই কি অমোঘ ভবিতব্য?