দ্বিতীয়বারের মতো ভারত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আয়োজন করবে। এর আগে ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল নিজামদের শহর হায়দরাবাদে।

পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়
শেষ আপডেট: 2 September 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: ১৭ বছর পর ভারতের মাটিত বসতে চলেছে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championship 2026)। এই টুর্নামেন্টটি ২০২৬ সালে দিল্লিতে (New Delhi) অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (BAI) এই খবর জানিয়ে বলেছে, তারা খুবই উচ্ছ্বসিত। পাশাপাশি বাই জানিয়েছে আয়োজনে কোনও খামতি তারা রাখবে না, হবে জাঁকজমকের সঙ্গে।
দ্বিতীয়বারের মতো ভারত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আয়োজন করবে। এর আগে ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল নিজামদের শহর হায়দরাবাদে।
এদিকে, আট বছর পর এশিয়া মহাদেশে বসতে চলেছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। চিনের নানজিং ২০১৮ সালের আসরের আয়োজন করেছিল। ভারত এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পদকজয়ী দেশগুলির মধ্যে একটি। ১৯৮৩ সাল থেকে ভারত ১৫টি পদক জিতেছে, যার মধ্যে ২০১১ সালের পর থেকে প্রতিবারই কমপক্ষে একটি পদক জিতেছে।
BAI-এর সচিব সঞ্জয় মিশ্র বলেন, “আমরা আশ্বস্ত করছি যে, প্যারিসে যে শ্রেষ্ঠত্ব এবং মহিমার মান এবার দেখা গিয়েছে, তা বজায় রাখার এবং এগিয়ে নেওয়ার জন্য ভারত যথাসাধ্য চেষ্টা করবে। আমরা দিল্লিতে বিশ্ব ব্যাডমিন্টন পরিবারকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।” প্যারিসে ২০২৫ চ্যাম্পিয়নশিপের সমাপ্তী অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।
বিএআই জানিয়েছে, "ভারতে আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। এটা প্রমাণ করছে, বিশ্ব ব্যাডমিন্টনে ভারতকে শক্তিশালী দেশ হিসাবে গণ্য করা হচ্ছে এবং বিশ্ব ব্যাডমিন্টন মানচিত্রে ভারত উপরের দিকেই রয়েছে।"