২০২১ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামে এতদূর এগোলেন ওসাকা। মাঝের সময়টা ছিল মাতৃত্ব, বিরতি আর অনিশ্চয়তায় ভরা।

সিনার-ওসাকা
শেষ আপডেট: 2 September 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সোমবার রাতে একতরফা নাটক। গ্যালারি ভরে উঠেছিল কোকো গফের (Coco Gauff) জন্য। কিন্তু লাইমলাইট কেড়ে নিলেন নাওমি ওসাকা (Naomi Osaka)। প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন একপেশে লড়াইয়ে। স্কোরলাইন আধিপত্য স্পষ্ট—৬-৩, ৬-২। দু’জনই প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন। তাই ম্যাচের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা ছিল।
বাস্তবে কোর্টের একদিকে দাপুটে পারফরম্যান্স আর অন্যদিকে অসহায় আত্মসমর্পণের সাক্ষী থাকল সমবেত দর্শক। হাসতে হাসতে কোয়ার্টারের টিকিট পাকা করলেন জাপানি তারকা। যিনি ম্যাচের শুরুর দিকেই ভেঙে দেন গফের সার্ভ। তারপর আর ফিরে তাকাতে হয়নি। সার্ভিসে অটুট পাঁচিল—একটুও ফাটল ধরতে দেননি। গফের ব্যর্থতা আরও প্রকট হয়ে ওঠে আনফোর্সড এররের সংখ্যা দেখে—মোট ৩৩টি! ওসাকার জয় তাই এককথায়: সহজ অথচ পরাক্রমী। ম্যাচ শেষে ওসাকা বললেন, ‘এটাই আমার প্রিয় কোর্ট। এখানে ফিরতে পেরে দারুণ লাগছে। এখন কেবল উপভোগ করছি, আনন্দ পাচ্ছি!’
প্রসঙ্গত, ২০২১ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামে এতদূর এগোলেন ওসাকা। মাঝের সময়টা ছিল মাতৃত্ব, বিরতি আর অনিশ্চয়তায় ভরা। গত বছর কন্যাসন্তানের জন্মের পর ধীরে ধীরে কোর্টে ফেরা। সোমবারের পর তাঁর চোখেমুখে খুশির ঝলক স্পষ্ট। বললেন, ‘আমি যখন সন্তানের জন্ম দিলাম, দু’মাস পর গফকে দেখতে গ্যালারিতে বসেছিলাম। তখনই মনে হয়েছিল আবার কোর্টে ফিরব!’
অন্যদিকে পুরুষ সিঙ্গলসে কার্যত ধ্বংসযজ্ঞ চালালেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। প্রতিপক্ষ আলেক্সান্ডার বুবলিককে (Alexander Bublik) মাত্র ৮১ মিনিটে গুঁড়িয়ে দিলেন। স্কোরলাইন: ৬-১, ৬-১, ৬-১। চলতি টুর্নামেন্টে বুবলিক একবারও সার্ভিস হারাননি। কিন্তু সিনারের সামনে খড়কুটোর মতো উড়ে যান। ম্যাচ শেষে নেটের কাছে এসে মুচকি হেসে বুবলিক বলেই ফেললেন, ‘তুমি এত ভাল খেলছ যে অবিশ্বাস্য!’
এই জয় সিনারকে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের কোয়ার্টারে পৌঁছে দিল। পরের প্রতিপক্ষ লোরেঞ্জো মুসেত্তি (Lorenzo Musetti)। যার অর্থ: অল-ইতালিয়ান দ্বৈরথের মঞ্চ প্রস্তুত।
মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক (Iga Swiatek) ছিলেন স্বমহিমায়… ‘ইন দ্য জোন’। রাশিয়ান একাতেরিনা আলেক্সান্দ্রোভাকে (Ekaterina Alexandrova) হারালেন ৬-৩, ৬-১ স্কোরলাইনে। ম্যাচ শেষে পোলিশ তারকা বললেন, ‘শুরুর দিকে ও দ্রুত খেলছিল। কিন্তু পরে আমি নিজের জোনে ঢুকে গেলাম, তখন আর কিছু বুঝতেই পারিনি!’
এদিন অস্ট্রেলিয়ার অ্যালেক্স দে মিনর (Alex de Minaur) অনায়াসে জিতে উঠলেন শেষ আটে (ফল: ৬-৩, ৬-২, ৬-১)। প্রতিপক্ষ ছিলেন সুইস কোয়ালিফায়ার লিয়ান্দ্রো রিডি। কানাডার ফেলিক্স অজের আলিয়াসিমে (Felix Auger-Aliassime) হারালেন আন্দ্রে রুবলেভকে (Andrey Rublev) ৭-৫, ৬-৩, ৬-৪ ফলে। তিন বছর পর আবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টারে ফিরলেন তিনি।