পাকিস্তানের খেলোয়াড়রা ভাল, কিন্তু তাঁরা সুযোগ-সুবিধা পায় না। তাঁরা শেষবার ২০১৪ সালে আমাদের হারিয়েছিল। তারপর থেকে, পাকিস্তান হকিতে ভারতকে হারাতে পারেনি।
.png.webp)
হার্দিক সিং
শেষ আপডেট: 27 September 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই প্রতিবেশী দেশ। এবারের প্রতিযোগিতায় ফাইনালের আগে দুবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। আর সেই দুটিতেই হেরেছে পাকিস্তান।
ফাইনালের আগে পাকিস্তান যতই আস্ফালন করুক না কেন ভারতকেই এগিয়ে রেখেছেন বেশিরভাগ বিশেষজ্ঞ। শুধু ভারতের নয়, পাকিস্তানেরও বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারদের অভিমত, ভারত-পাকিস্তন ম্যাচে এখন আর আগের উত্তেজনা নেই। এটাও একটা সাধারণ ম্যাচ হয়ে উঠেছে, যে ম্যাচে ভারত সহজেই জিতে যাচ্ছে।
এশিয়া কাপ ফাইনালের আগে ভারতের তারকা হকি মিডফিল্ডার হার্দিক সিং (Hardik Singh) বলেছেন, ক্রিকেটের মতোই, হকিতেও ভারতের সঙ্গে পাকিস্তানের কোনও তুলনা চলতে পারে না (Pakistan hockey team, No competition anymore)। একসময় হকির জায়ান্ট হিসাবে বিবেচিত পাকিস্তান চারটি অলিম্পিক্সে সোনা জিতেছে, যেখানে ভারত আটবার অলিম্পিক্স চ্যাম্পিয়ন। গত কয়েক বছরে টানা দুটি অলিম্পিক্স ব্রোঞ্জ পদক জিতে ভারত হকিতে তার হৃত গৌরব ফিরে পেয়েছে। এদিকে পাকিস্তান বিশ্ব তালিকার প্রথম দশেও নেই।
সাম্প্রতিক বছরগুলিতে, ভারত হকিতে পাকিস্তানের উপর তার কর্তৃত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। শেষ দশ ম্যাচেই তারা অপরাজিত ছিল। এর মধ্যে জিতেছে আটটিতে ও ড্র দুটিতে।
একটি ইভেন্ট চলাকালীন, ভারতীয় হকি দলের সহ-অধিনায়ক হার্দিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এখনও একই রকম আছে কি না। তাঁর প্রতিক্রিয়া ছিল স্পষ্ট। ধারণাটি উড়িয়ে দিয়ে এবং সম্প্রতি শিরোনাম হওয়া হ্যারিস রউফের বহুল আলোচিত জেট বিমান ধ্বংসের ভঙ্গি অনুকরণ করে হার্দিক সাফ জানিয়ে দেন, ভারত-পাকিস্তান ম্যাচ এখন একটি সাধারণ ম্যাচ।
'ইন্ডিয়া টুডে কনক্লেভ'-এ হার্দিক বলেন, "আমার মনে হয়, এখনই এটা নিয়ে কথা বলা অর্থহীন, কারণ কোনও প্রতিযোগিতা নেই। দুটি দলের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। পাকিস্তানের খেলোয়াড়রা ভাল, কিন্তু তাঁরা সুযোগ-সুবিধা পায় না। তাঁরা শেষবার ২০১৪ সালে আমাদের হারিয়েছিল। তারপর থেকে, পাকিস্তান হকিতে ভারতকে হারাতে পারেনি। গত বারো বছরে আমরা তাদের কাছে হারিনি।"
অগস্ট-সেপ্টেম্বরে বিহারের রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করেনি। ভারত সেই টুর্নামেন্ট জিতেছে এবং আগামী বছরের অগস্টে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।