অশালীন ভাষা এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করার জন্য হ্যারিস রউফকে তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
.png.webp)
হ্যারিস রউফ ও শাহিবজাদা ফারহান
শেষ আপডেট: 26 September 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: নানা যুক্তি খাড়া করেও আইসিসির শাস্তি (Punished by ICC) এড়াতে পারলেন না হ্যারিস রউফ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে "অশালীন ভাষা এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গি" করার জন্য পাকিস্তানি ফাস্ট বোলার হ্যারিস রউফকে (Haris Rauf) তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর সতীর্থ সাহিবজাদা ফারহানকে (Sahibzada Farhan) অবশ্য কোনও আর্থিক জরিমানা ছাড়াই সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ফারহান ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে নিজের ব্যাটকে বন্দুকের মতো তুলে ধরে তাঁর অর্ধশতক উদযাপন করেছিলেন।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের তত্ত্বাবধানে পাকিস্তানের টিম হোটেলে শুনানি অনুষ্ঠিত হয়। উভয় খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, যদিও তাঁদের বক্তব্য লিখিত ছিল, এবং তাঁদের সঙ্গে ছিলেন দলের ম্যানেজার নাভিদ আক্রম চিমা।
বুধবার, বিসিসিআই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করার অভিযোগ এনে। রবিবার এশিয়া কাপের ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে।
চলমান এশিয়া কাপে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে ওঠে যখন ভারত গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়। তারা সুপার ফোর ম্যাচেও একই কাজ করেছিল, যেখানে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল।
এর আগে, টুর্নামেন্ট সূত্রের খবর অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন উস্কানিমূলক আচরণের অভিযোগে আইসিসির শুনানিতে রউফ এবং ফারহান নিজেদের নির্দোষ দাবি করেছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে টুর্নামেন্টের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, "শুক্রবার বিকেলে টিম হোটেলে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তাঁর শুনানি শেষ করেছেন। আক্রমণাত্মক আচরণের জন্য রউফকে তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং ফারহানকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।"