পাকিস্তান তো এমনিতেই অনেক চাপের মধ্যে থাকে। আমরা যদি আরও চাপ দিই, সেটা তারা কীভাবে সামলাবে?

ইশান্ত শর্মা
শেষ আপডেট: 24 September 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় পর্যন্ত বাইশ গজের মেগা দ্বৈরথ বললেই উঠে আসত ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ ও ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের কথা। অ্যাশেজ তার মহিমা বজায় রাখলেও ভারত-পাকিস্তান ম্যাচকে আর নম্বর দিতে চাইছেন না বিশেষজ্ঞরা। শুধু ভারতের নয়, পাকিস্তানেরও কিছু প্রাক্তন ক্রিকেটারের মতে এই ডুয়েল অন্য একটা সাধারণ ম্যাচের মতোই। এতে হতো পাকিস্তান কখনও সখনও জিততে পারে।
দশ বছর আগেও ভারত-পাকিস্তান মুখোমুখি মানে সব কাজ শিকেয় তুলে টিভির সামনে বসে পড়া। প্রতিমুহূর্তে উত্তেজনা। একবার পাল্লা ভারী পাকিস্তানের তো পরক্ষণেই এগিয়ে ভারত। তবে এখন আর উত্তেজনার লেশমাত্র নেই। প্রায় প্রতিটি ম্যাচে পাকিস্তানকে হেলায় উড়িয়ে দিচ্ছে ভারত। যেটা সম্প্রতি দেখা গেল এশিয়া কাপেও।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের শক্তি যখন ক্রমশই বেড়ে চলেছে, তখন অন্তর্কলহে জর্জরিত পাকিস্তান ক্রিকেটের পারফরম্যান্স তলানিতে ঠেকছে। চলতি এশিয়া কাপে পাকিস্তানকে এরমধ্যেই দুইবার হারিয়েছে ভারত। একবারও পাকিস্তান মাথা তুলে দাঁড়ানোর অবস্থায় ছিল না। পাক ক্রিকেটের এই পতন দেখে ‘খারাপ লাগছে’ বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ ভারতীয় পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma)।
এক পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ইশান্ত বলেছেন, “পাকিস্তান তো এমনিতেই অনেক চাপের মধ্যে থাকে। আমরা যদি আরও চাপ দিই, সেটা তারা কীভাবে সামলাবে? গ্যালারিতে তাদের সমর্থকেরা সবসময় চাপ সৃষ্টি করে। কখনও কখনও সত্যিই তাদের জন্য খারাপ লাগে।”
ইশান্তের মতে, পাকিস্তান এখন আর সেই জায়গায় নেই যে, আগের মতো ভারতকে চ্যালেঞ্জ জানাবে। ভারতের এই পেসার বলেছেন, “আগে যখন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাকলিন মুস্তাক, শাহিদ আফ্রিদির মতো কিংবদন্তি খেলোয়াড়রা ছিলেন, তখন চাপ অনেক বেশি থাকত। এখনকার দল সেই মানের নয়। আমাদের প্রতিভা, পরিকাঠামো আর সুযোগ-সুবিধার কাছে তারা এখনও অনেক পিছিয়ে।” ফাইনালে ভারত-পাক মুখোমুখি হলে সেখানেও ইশান্তের বাজি টিম ইন্ডিয়া।