সব মিলিয়ে ভারতের মানুষের ‘যোগাড়যন্ত্র’ করার ক্ষমতা নিয়ে দ্বিমত রাখার কোনও জায়গাই নেই বলে মনে করছেন নেটবাসী।

শেষ আপডেট: 20 July 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: একজন রেলযাত্রী লাগেজ র্যাককে ‘স্লিপার বার্থে’ রূপান্তর করে আরাম করে শুয়ে রয়েছেন—এমন একটি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, আর তা দেখে হেসে কুটোপাটি নেটপাড়া।
ছবিটি প্রথম পোস্ট হয় রেডিটের (Reddit) 'r/IndianRailways' কমিউনিটিতে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নির্বিকার ভঙ্গিতে ট্রেনের চেয়ারকার কামরার উপরের লাগেজ র্যাকে শুয়ে, মোবাইলে স্ক্রল করছেন। তাঁর চারপাশে যাত্রীদের ব্যাগ গুছিয়ে রাখা, কিন্তু তিনি যেন অনায়াসে জায়গাটিকে নিজের ব্যক্তিগত স্লিপার বানিয়ে ফেলেছেন।
ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে—"Bro needs to hesitate"। আরও লেখা, “ভাই এতটাই মরিয়া ছিলেন যে, লাগেজ র্যাককেই নিজের বিছানা বানিয়ে ফেলেছেন!”
এমন ‘আউট অফ দ্য বক্স’ আসন বেছে নেওয়া দেখে চমকে গেছেন অনেকেই। এই অদ্ভুত ‘সিটিং অ্যারেঞ্জমেন্ট’ দেখে রীতিমতো হাঁ নেটিজেনরা। কেউ কেউ হাসতে হাসতে বলেছেন, ভারতের ট্রেনে এমন দৃশ্য আর নতুন কী! আবার কেউ রসিকতা করে বলেছেন, “ওঁর কাছে লাগেজ নেই, উনি নিজেই তো লাগেজ!”
আরও একজন মন্তব্য করেছেন—“আসলে একজন সাধারণ ভারতীয় যাত্রীকেই ট্রেনে লাগেজ বলেই মনে হয়। বিশেষ করে উত্তরপ্রদেশ আর বিহারের ট্রেনগুলোয়। যেখানে ভিড়ের চাপ এতটাই বেশি, যে মানুষকেও মালপত্রের মতো গাদাগাদি করে তোলা হয়।’’
যেভাবে দূরপাল্লার স্লিপার কামরায় মানুষ ঠাসা ভিড়ে যাওয়া-আসা করেন, তা দেখে হতবাক হতে হয় যে, এত মানুষ ওই সীমিত জায়গার মধ্যে নিজেদের ব্যবস্থা করে নিলেন কীভাবে!
আরও একজন নেটিজেনের মন্তব্য, “এইভাবে র্যাকে মানুষকে উঠতে দিল কে? এমনকী বিহারের চেয়ারকার ট্রেনেও কেউ র্যাকে ওঠে না!” অন্য একজন ঠাট্টা করে লিখেছেন—“উনি নিশ্চয় খুব এক্সট্রোভার্ট।”
ভারতীয় রেলে এমন অদ্ভুত যাত্রী কাণ্ড নতুন কিছু নয়। ভিড় ঠেলে কোথাও জুতোয় এক পা ঢুকিয়ে দাঁড়ানো, কোথাও আবার চলন্ত ট্রেনের দরজায় ঝুলে থাকা—এ যেন দৈনন্দিন রেলযাত্রারই অঙ্গ হয়ে উঠেছে।
সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এক টিকিটবিহীন যাত্রী ভিড়ে জর্জরিত কোচে নিজের জন্য 'হ্যামক' বানানোর চেষ্টা করেন। সাধারণ শ্রেণির ওই কামরায় কয়েকজন যাত্রী মেঝেতে বসে আছেন, আর এক ব্যক্তি উপরের বার্থের দু’দিক বেঁধে তাতে চাদর ঝুলিয়ে বানালেন দোলনা। তবে আরাম পেতে গিয়েই তাঁর কপাল পোড়ে। দোলনাটি ছিঁড়ে পড়ে যান সোজা মেঝেতে।
সব মিলিয়ে ভারতের মানুষের ‘যোগাড়যন্ত্র’ করার ক্ষমতা নিয়ে দ্বিমত রাখার কোনও জায়গাই নেই বলে মনে করছেন নেটবাসী।