সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আয়োজিত ‘নিবোধতা ২০২৫’-এ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগের ঘোষণা।

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি
শেষ আপডেট: 6 September 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: ভবিষ্যতের প্রজন্মকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। টেকনো ইন্ডিয়া গোষ্ঠীর তত্ত্বাবধানে 'নিবোধতা ২০২৫' নামের একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নতুন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫:৩০টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র পেশাগত দক্ষতা নয়, বরং নেতৃত্বের গুণাবলীও গড়ে তোলা।
এবারের অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তৃতার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং। এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করা হল। এছাড়া, Salesforce-এর মতো শিল্প প্রতিষ্ঠানের সঙ্গেও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আরও জোরদার করা হয়েছে, যা শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা দেবে।

অনুষ্ঠানে এসএনইউ-এর সম্মানিত আচার্য সত্যম রায়চৌধুরী বলেন, "আজকের শিক্ষা ব্যবস্থায় তরুণদের শুধু পেশাগত সাফল্যের জন্য প্রস্তুত করলেই হবে না, বরং সমাজের জন্য অর্থপূর্ণ ভূমিকা পালনের জন্যও প্রস্তুত করতে হবে। এসএনইউতে আমরা জ্ঞান, মূল্যবোধ এবং বৈশ্বিক সুযোগের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
এসএনইউ-এর উপাচার্য অধ্যাপক (ড.) শঙ্কু বোস বলেন, "সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কেবল পেশা তৈরি করে না, বরং ভবিষ্যৎকে গড়ে তোলে। আমাদের লক্ষ্য হল বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। নিবোধতা ২০২৫ হলো আমাদের শিক্ষার্থীদের জন্য এই ঐতিহ্যের প্রথম ধাপ, যা নির্ভীক, ভবিষ্যৎ-উপযোগী এবং মূল্যবোধে চালিত নেতা তৈরি করতে চায়।"

ভবিষ্যতে এসএনইউ পূর্ব ভারতের উচ্চশিক্ষার একটি আদর্শ গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল রূপান্তরের সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা, শিল্প-সমন্বিত পাঠ্যক্রম এবং উদ্যোগপতি তৈরির ওপর বিশেষ জোর।