১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব নেওয়ার পর মামদানি হবেন গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ মেয়র।

শেষ আপডেট: 5 November 2025 08:50
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন রাজনীতিতে বড় জয় পেলেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani)। মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি। প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মামদানি শুধু নিউইয়র্কের নয়, গোটা আমেরিকার রাজনীতিতেই নজির তৈরি করলেন। তিনি শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র (First Muslim mayor NYC), প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র।
নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব নেওয়ার পর মামদানি হবেন গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ মেয়র। তাঁর এই উত্থান মার্কিন ডেমোক্র্যাটদের কাছে এক বড় বার্তা যে প্রগতিশীল ও বামঘেঁষা প্রার্থীরাও জনগণের আস্থা অর্জন করতে পারেন।
জোহরান মামদানি তাঁর জয়ের পর সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, সিটি হল স্টেশনে একটি মেট্রো ট্রেনের দরজা খুলছে, আর তার দেওয়ালে ভেসে উঠছে লেখা- “Zohran For New York City”। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়, যা তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।
তবে মামদানির এই উত্থান নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে রিপাবলিকান শিবির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ একাধিক রিপাবলিকান নেতা তাঁকে 'চরমপন্থী ডেমোক্র্যাটিক রাজনীতির মুখ' হিসেবে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, মামদানির এই জয় মার্কিন ডেমোক্র্যাটিক পার্টিকে আরও বামপন্থী পথে নিয়ে যেতে পারে।
অন্যদিকে, জোহরান মামদানির সমর্থকরা মনে করছেন, এই জয় প্রমাণ করেছে নিউইয়র্কের জনগণ পরিবর্তন ও প্রগতির পক্ষে। শহরের বিভিন্ন জাতিগোষ্ঠী ও তরুণ প্রজন্মের ভোটে তাঁর এই সাফল্য এসেছে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনের তথ্য অনুযায়ী, এই নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে, গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ২০ লক্ষেরও বেশি নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এই ঐতিহাসিক ফলাফল নিউইয়র্ককে নতুন পথে নিয়ে যাবে বলে আশাবাদী সমর্থকরা। আর মামদানি নিজেও বলেছেন, “এই শহর সবার জন্য, ন্যায়, সমতা ও সহানুভূতির পথে আমরা এগিয়ে যাব।"
মঙ্গলবার ভোটপর্ব শুরু হওয়ার কয়েকঘণ্টা আগেই ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani) বিজয়ী হলে তিনি নিউ ইয়র্ক শহরকে ফেডারেল সরকারের তহবিল থেকে বাড়তি অর্থ সহায়তা করা বন্ধ করে দেবেন।'
নিজের সোশ্যাল মিডিয়া ট্রূথ সোশ্যালে ট্রাম্প লম্বা পোস্টে নিউ ইয়র্কবাসীর উদ্দেশে লিখেছেন, কমিউনিস্ট মামদানিকে নির্বাচিত করে নিজেদের ক্ষতি করবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মামদানি জিতলে আমি আমার প্রিয় শহর নিউ ইয়র্ককে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা বন্ধ করে দিতে বাধ্য হব। তবে মামদানির এই জয়ের পর মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি ব্যর্থ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।