তাৎপর্যপূর্ণ হল, ট্রাম্প মামদানির বিরোধিতা করলেও রিপাবলিকান প্রার্থীর পক্ষে সওয়াল করেননি। প্রাক নির্বাচনী সমীক্ষায় দেখা গেছে, মেয়র প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী।

মামদানি ও ট্রাম্প
শেষ আপডেট: 4 November 2025 10:16
দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের (New York Mayor) জন্য মঙ্গলবার ভোটগ্রহণ করা হবে। ভোট শুরুর কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani) বিজয়ী হলে তিনি নিউ ইয়র্ক শহরকে ফেডারেল সরকারের তহবিল থেকে বাড়তি অর্থ সহায়তা করা বন্ধ করে দেবেন। নিউ ইয়র্কের বাসিন্দাদের ভোট দেওয়ার আগে এই বিষয়টি বিবেচনায় রাখতে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রূথ সোশ্যালে ট্রাম্প লম্বা পোস্টে নিউ ইয়র্কবাসীর উদ্দেশে লিখেছেন, কমিউনিস্ট মামদানিকে নির্বাচিত করে নিজেদের ক্ষতি করবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মামদানি জিতলে আমি আমার প্রিয় শহর নিউ ইয়র্ককে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা বন্ধ করে দিতে বাধ্য হব।
ট্রাম্পের কথায়, মামদানি যে নীতি আদর্শে বিশ্বাস করেন, বিগত হাজার বছরে বারে বারে প্রমাণিত হয়েছে তা ভুল এবং মানব সভ্যতার জন্য বিপর্যয় ডেকে এনেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন একজন কমিউনিস্টের হাতে আমি নিউ ইয়র্কের ভবিষ্যৎ ছেড়ে দিতে পারি না। এতে শহরের ভবিষ্যৎ বিপর্যয়ের মুখে পড়বে।
মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্স জেলার ৩৬ তম আসনে ডেমোক্র্যাট প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে তিনি রাষ্ট্রের কল্যাণমূলক ভূমিকা নিয়ে সরব। বিশেষভাবে আবাসন এবং গণপরিবহণে সরকারি সহায়তার পক্ষে বহুদিন ধরে সওয়াল করে চলেছেন। রাজনৈতিক পরিচয় দিতে গিয়ে নিজেকে তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলে থাকেন। মামদানির কথায়, আমার রাজনৈতিক প্রতিপক্ষরাই আমাকে কমিউনিস্ট বলে আক্রমণ করে।
তাৎপর্যপূর্ণ হল, ট্রাম্প মামদানির বিরোধিতা করলেও রিপাবলিকান প্রার্থীর পক্ষে সওয়াল করেননি। প্রাক নির্বাচনী সমীক্ষায় দেখা গেছে, মেয়র প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী। তাঁর নাগরিক কল্যাণ কর্মসূচি নিউ ইয়র্কবাসীর বিশেষ পছন্দ।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন নির্দল প্রার্থী প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার। নিউইয়র্কবাসীর উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, আমার মতে কুয়োমা একজন ভালো মেয়র প্রার্থী।
যদিও ২০২১ এ যৌন কেলেঙ্কারীতে অভিযুক্ত হয়ে গভর্নর পর থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন কুয়োমা। এবার তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিউ ইয়র্কের মেয়র নির্বাচন দুই দফায় হয়। প্রাথমিক ভোট হয়ে গিয়েছে জুনে। তাতে এগিয়ে আছেন মামদানি। মঙ্গলবার শহরের ৫০ লক্ষ ভোটার নির্বাচনে অংশ নেবেন।
ট্রাম্প তাঁর সমর্থকদের বলেছেন স্লিওয়ারকে ভোট দিলে সুবিধা হবে মামদানির। ভোট কাটাকাটি সুযোগে সে জিতে যাবে। তাই আমি বলছি রিপাবলিকানরা নির্দল প্রার্থী কুয়োমাকে জয়ী করুন।