সেপ্টেম্বর ২০২৫-এ ঘোষণা করা হয়েছিল ‘প্রজেক্ট ফায়ারওয়াল’। শ্রম দফতরের এই উদ্যোগের মূল লক্ষ্য, এইচ-১বি ভিসার নামে সংস্থাগুলি কম পারিশ্রমিকে বিদেশি কর্মী নিয়ে এসে স্থানীয় কর্মীদের সরিয়ে দিচ্ছে কি না, তা খতিয়ে দেখা এবং বেআইনি কাজ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 31 October 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) এইচ-১বি ভিসা (H1B Visa) ব্যবস্থার অপব্যবহার করে দেশীয় কর্মীদের চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ ফের সামনে আনল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন (Donald Trump)। মার্কিন শ্রম দফতরের নতুন প্রচার ভিডিওয় সরাসরি ভারতের নাম তুলে বলা হয়েছে, বিদেশিদের, বিশেষত ভারতীয়দের (Indians) নিয়ে আমেরিকার তরুণদের স্বপ্ন চুরমার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে আমেরিকার শ্রম দফতর লিখেছে, ‘‘এইচ-১বি (H1B Visa) অপব্যবহারের ফলে বহু তরুণ আমেরিকান তাঁদের স্বপ্ন হারিয়েছেন। বিদেশিদের জন্য তাদের চাকরি চলে গেছে।’’ সঙ্গে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শ্রমমন্ত্রী লরি চাভেজ-ডি রেমারের নেতৃত্বে এখন এই অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমেরিকার তরুণদের স্বপ্ন সত্যি করার প্রয়াস করা হচ্ছে।
এ প্রসঙ্গে সেপ্টেম্বর ২০২৫-এ ঘোষণা করা হয়েছিল ‘প্রজেক্ট ফায়ারওয়াল’। শ্রম দফতরের এই উদ্যোগের মূল লক্ষ্য, এইচ-১বি ভিসার নামে সংস্থাগুলি কম পারিশ্রমিকে বিদেশি কর্মী নিয়ে এসে স্থানীয় কর্মীদের সরিয়ে দিচ্ছে কি না, তা খতিয়ে দেখা এবং বেআইনি কাজ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া।
৫১ সেকেন্ডের বিজ্ঞাপনে ১৯৫০-এর দশকের মার্কিন উন্নয়ন ও সমৃদ্ধির ছবি পাশাপাশি রাখা হয়েছে বর্তমান চাকরির বাস্তবতার সঙ্গে। দাবি করা হয়েছে, এইচ-১বি ভিসাধারীদের ৭২ শতাংশই ভারতীয়। ভিডিওতে শোনা যায়, ‘‘অনেক আমেরিকানের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের চাকরি বিদেশিদের দেওয়া হয়েছে।’’ শেষে বার্তা দেওয়া হয়েছে - প্রজেক্ট ফায়ারওয়ালের মাধ্যমে সংস্থাগুলিকে জবাবদিহির আওতায় আনা হবে এবং প্রথমে আমেরিকানদের চাকরি নিশ্চিত করা হবে।
Young Americans have had the American Dream stolen from them, as jobs have been replaced by foreign workers due to rampant abuse of the H-1B visa.
Under @POTUS and @SecretaryLCD’s leadership, we’re holding companies accountable for their abuse—and recapturing the American Dream… pic.twitter.com/x3lqJS9CyG— U.S. Department of Labor (@USDOL) October 30, 2025
বিশ্লেষকদের মতে, নতুন এই প্রচারাভিযান ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ‘আমেরিকা ফার্স্ট’ কর্মসূচিকে আবার সামনে আনল। ঘরোয়া কর্মসংস্থান, ভিসা যাচাই বাড়ানো ও শ্রমবাজারে জাতীয়তাবাদের সুর ফের জোরদার হচ্ছে।
শ্রম দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, যে সব সংস্থার বিরুদ্ধে বিদেশি কর্মী এনে মার্কিন কর্মীদের হটানোর অভিযোগ উঠেছে, তাদের উপর আরও কঠোর নিরীক্ষা চালানো হবে। মার্কিন আইটি ও টেক শিল্পের বড় অংশ বিদেশি দক্ষ কর্মীর উপর নির্ভরশীল, যার মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। তাই এই উদ্যোগের ফলাফল আন্তর্জাতিক প্রযুক্তি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের।