কেকেআরের ব্যর্থতা নিয়ে সরব মহম্মদ কাইফ! ২৫ কোটির ক্যামেরন গ্রিনের ওপর ভরসা করা কি ভুল ছিল? আন্দ্রে রাসেলকে কেন মাঠের বাইরে রাখা হয়েছে, তা নিয়ে কড়া সমালোচনা প্রাক্তন ভারতীয় তারকার। বিস্তারিত পড়ুন।

রাসেল ও গ্রিন
শেষ আপডেট: 15 April 2026 12:09
দ্য ওয়াল ব্যুরো: একটানা হার। জয়ের দেখা নেই। টেবিলের একেবারে নীচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দল গঠন, খেলোয়াড়দের ভূমিকা—সবকিছু নিয়েই প্রশ্ন উঠছে।
এই পরিস্থিতিতে মহানিলামে ২৫ কোটিতে কেনা অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দিকে সরাসরি আঙুল তুললেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)। শ্লেষের সুরে তাঁর দাবি, ক্যালকুলেশনে বড় ভুল করেছে কেকেআর—আন্দ্রে রাসেলকে (Andre Russell) মাঠে নামানোর বদলে ‘পাওয়ার কোচ’ বানিয়ে!
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ৩২ রানে পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় কাইফ লেখেন, ‘এই মরসুমে কেকেআরের সবচেয়ে বড় গলদ—রাসেলকে অলরাউন্ডার হিসেবে না খেলানো। ও কি এখনও ২৫ কোটির ক্যামেরন গ্রিনের (Cameron Green) থেকে ভালো নয়? উত্তর পরিষ্কার।’ সরাসরি তুলনা টেনে কেকেআরের কৌশল নিয়ে প্রশ্ন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। তাঁর বক্তব্য, ম্যাচ জেতানোর মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে সাইডলাইনে রাখা দলকে আখেরে দুর্বল করছে।
কেকেআরের বড় বাজেটের বিনিয়োগ গ্রিন। কিন্তু তাঁর উপযোগিতা নিয়ে দেখা দিয়েছে সমস্যা। বেশিরভাগ ম্যাচে নামানো হচ্ছে ছয় নম্বরে। এই জায়গা গ্রিনের স্বাভাবিক ব্যাটিং পজিশন নয়। উপরে খেললে যেখানে ইনিংস গড়ার সময় পান, নিচে নামলে শুরু থেকেই ঝুঁকি নিতে হচ্ছে। যে কারণে প্রত্যাশিত ফলও মিলছে না। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ৩২ অপরাজিত ও ১/২৮ বাদ দিলে বাকি ম্যাচে রান—০, ৪, ২, ১৮। ধারাবাহিকতা নেই, চোট সারিয়ে ফিরলেও চেনা ছন্দ উধাও—এটা এতদিনে দিনের আলোর মতো স্পষ্ট।
গ্রিনের বিকল্প হিসেবে যাঁর নাম উঠে আসছে, সেই আন্দ্রে রাসেল দীর্ঘদিন কেকেআরের ম্যাচ-ফিনিশারের দায়িত্ব পালন করেছেন। ব্যাট-বল দু’দিকেই প্রভাব ফেলেছেন। আপাতত খেলোয়াড়ের জার্সি ছেড়ে কোচের ভূমিকায়। পোশাকি নাম: পাওয়ার কোচ। কিন্তু এর ফলে কি চলতি সিজনে রাসেলের অভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে? কাইফের মন্তব্যে এই প্রশ্ন আরও একবার উসকে উঠল।
টিম ম্যানেজমেন্ট কম্বিনেশন বদলাচ্ছে বারবার। কিন্তু স্থিরতা আসছে কই? মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), লখনউ—সব ম্যাচেই একই সমস্যা সামনে: শেষের দিকে ম্যাচ ফিনিশ করার লোক নেই!
এহেন পরিস্থিতিতে কাইফের মন্তব্য শুধু একজন খেলোয়াড়কে নিয়ে নয়। আসল সওয়াল—কেকেআর কি নিজেদের শক্তিকে ঠিকভাবে ব্যবহার করছে? নিলামের ভুলচুক ভুলে প্রত্যাবর্তনের সুযোগ ক্ষীণ হলেও হাতে এখনও সময় আছে। কিন্তু হারের রেশ যদি চলতেই থাকে, জয়ের নিশান চোখে না পড়ে, তাহলে দল গঠন ও কৌশল—দুটো নিয়েই রাহানেদের নতুন করে ভাবতে হবে।