হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ছবি: এআই
শেষ আপডেট: 22 March 2026 09:34
দ্য ওয়াল ব্যুরো: হরমুজ প্রণালী (Hormuz Strait) ৪৮ ঘণ্টার মধ্যে খুলে না দিলে ইরানের বিরুদ্ধে কড়া সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে ‘পুরোপুরি ধ্বংসাত্মক’ হামলা চালানো হবে। এমনকি ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করেই অভিযান শুরু করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।
ট্রুথ সোশ্যালে করা ওই পোস্টে হরমুজ প্রণালীর একটি অংশ দ্রুত খুলে দেওয়ার জন্য তেহরানের উপর চাপ বাড়িয়েছেন ট্রাম্প। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই প্রণালী বন্ধ করে দেয় ইরান। এই পরিস্থিতিতে ট্রাম্প লিখেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালী না খুললে আমেরিকা ইরানের একাধিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলিকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেবে। তাঁর কথায়, সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র থেকেই এই অভিযানের সূচনা হবে।
বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের ব্যবহৃত জ্বালানির বড় অংশ এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছয়। ফলে প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে পড়েছে। আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাবে প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকেই জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে এবং ক্রুড অয়েলের দাম বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ নিজেদের জরুরি মজুত থেকে তেল বাজারে ছাড়তে শুরু করেছে। শুক্রবার ট্রাম্প প্রশাসন ইরানের তেলের উপর জারি থাকা নিষেধাজ্ঞাও এক মাসের জন্য শিথিল করেছে। এই জটিল পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে ইরানকে কড়া বার্তা দিলেন ট্রাম্প।