ইরানকে চুক্তিতে আসার আল্টিমেটাম ট্রাম্পের। না মানলে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের আশঙ্কা।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 8 April 2026 00:06
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন ধরে চলা তীব্র উত্তেজনার পর অবশেষে ঘনিয়ে এসেছে সেই মুহূর্ত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র লাইনে হুঁশিয়ারি দিয়েছিলেন, "মঙ্গলবার, রাত ৮টা!" এই সময়সীমার মধ্যেই ইরানকে হয় একটি চুক্তিতে আসতে হবে, নয়তো হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন ট্রাম্প। এই চরম বার্তায় বিশ্বজুড়ে এখন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
গত ২১ মার্চ থেকে শুরু হওয়া এই টানাপোড়েন ধাপে ধাপে চরম রূপ নিয়েছে। ট্রাম্প বারবার সময়সীমা বাড়ালেও প্রতিবারই তাঁর হুমকির মাত্রা বেড়েছে। এর মধ্যেই মার্কিন বাহিনী ইরানের খাগ দ্বীপের তেল রপ্তানি কেন্দ্রে ৫০টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে।
যদিও পিছিয়ে নেই ইজরায়েলও, তারা ইরানের রেলওয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় আঘাত হেনেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আক্রমণ চালিয়েছে, যার ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মুখে।
ট্রাম্পের "পুরো একটি সভ্যতা আজ রাতে শেষ হয়ে যেতে পারে" এমন মন্তব্যের পর পারমাণবিক হামলার জল্পনা শুরু হলেও হোয়াইট হাউস তা খারিজ করে দিয়েছে। তবে বিভিন্ন দেশ ইতিমধ্যেই তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। অন্যদিকে, পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনাও চলছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন যে হয়তো শেষ মুহূর্তে কোনও সমাধান আসতে পারে, তবে ইরান যদি সময় নষ্ট করার চেষ্টা করে, তবে বড় ধরনের সামরিক অভিযান এখন কেবল সময়ের অপেক্ষা। এখন পুরো বিশ্বের নজর সেই রাত ৮টার দিকে।