সম্প্রতি রিপোর্ট এসেছে, জইশ-ই-মহম্মদের কয়েকজন জঙ্গি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে।

নেপাল সীমান্ত ব্যবহার করে জঙ্গি ঢোকানার চেষ্টা করতে পারে আইএসআই
শেষ আপডেট: 9 September 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: নেপালে চলতি রাজনৈতিক অস্থিরতা (Nepal Crisis) ও হিংসাত্মক বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলতে ভারতের নিরাপত্তার উপর। গত কয়েক দিনে প্রতিবাদ-সংঘর্ষে (Nepal Protest) অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আন্দোলনের মূল কারণ ছিল সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা, যদিও সরকারের সেই সিদ্ধান্ত পরে প্রত্যাহার করা হয়েছে। তবুও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।
ভারতের গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক করছে—নেপালের এই অস্থিরতা ভারতের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সুযোগ বুঝে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা। সম্প্রতি রিপোর্ট এসেছে, জইশ-ই-মহম্মদের কয়েকজন জঙ্গি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে।
পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই বহুদিন ধরেই ভারত-নেপাল সীমান্তকে অনুপ্রবেশ ও পাচারের রুট হিসেবে ব্যবহার করে আসছে। সরাসরি আন্তর্জাতিক সীমান্ত বা নিয়ন্ত্রণরেখায় (LoC) কড়া নজরদারি থাকায় এখন তারা বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছে ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ খোলা নেপাল সীমান্তকে। গোয়েন্দা রিপোর্টে উল্লেখ, এবার আইএসআই কৌশল নিয়েছে খালিস্তানি জঙ্গিদের এই রুট দিয়ে ভারতে পাঠানোর।
উত্তরপ্রদেশ ও বিহার হয়ে এই অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়। মাদক ও অস্ত্র পাচারের বহু নজির এই সীমান্তে ধরা পড়েছে। ইন্ডিয়ান মুজাহিদিন-এর জঙ্গিরা বারবার এই রুট ব্যবহার করেছে। ইয়াসিন ভাটকালসহ শীর্ষ জঙ্গিরা নেপাল হয়ে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আবার ভারতের মাটিতে ফিরে এসেছে।
কুখ্যাত আইসি-৮১৪ বিমান ছিনতাইয়েরও সূত্রপাত হয়েছিল কাঠমান্ডু থেকেই। দিল্লিগামী সেই বিমান ছিনতাইয়ের ঘটনায় মাসুদ আজহারকে মুক্ত করতে সক্ষম হয় আইএসআই।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সশস্ত্র সীমা বল (SSB) সীমান্তে নজরদারি বাড়িয়েছে। কঠোর চেকিং চালানো হচ্ছে, তবে সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয় সেদিকেও নজর দিচ্ছে নিরাপত্তা বাহিনী। ভারতের পক্ষ থেকে নেপালে অবস্থানরত নাগরিকদের সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের দিকে সীমান্ত রক্ষা করছে SSB ও স্থানীয় পুলিশ। অপরদিকে নেপালে দায়িত্বে রয়েছে আর্মড পুলিশ ফোর্স (APF) ও নেপাল পুলিশ। দুই দেশের বাহিনী নিয়মিত যৌথ টহল চালায় এবং নিরাপত্তা বৈঠকও করে থাকে। তবে নেপালের বর্তমান অশান্ত পরিস্থিতি এই সহযোগিতা ও সীমান্ত নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।