আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (María Corina Machado)। তাঁর সংগ্রামের নেপথ্যে আছে এক অদম্য বিশ্বাস— অহিংস প্রতিরোধে গণতন্ত্রের জয়।

গান্ধী ও মারিয়া।
শেষ আপডেট: 10 October 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2025) জিতে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (María Corina Machado)। তাঁর সংগ্রামের নেপথ্যে আছে এক অদম্য বিশ্বাস— অহিংস প্রতিরোধে গণতন্ত্রের জয়। আর সেই বিশ্বাসের উৎস তিনি নিজেই বহুবার প্রকাশ্যে জানিয়েছেন মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi) উদ্ধৃত করে।
নোবেল ঘোষণার পর ফের ভাইরাল হয়েছে মাচাদোর ২০১০ সালের দুটি পুরনো টুইট। প্রথমটি করা হয়েছিল ২ মে ২০১০ সালে—“Almost everything I do will be insignificant, but it is very important that I do it.” (“আমার কাজ হয়তো তুচ্ছ মনে হতে পারে, কিন্তু সেটা করা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”)
এর কয়েক সপ্তাহ আগে, ১৪ এপ্রিল ২০১০-এ মাচাদো আরেকটি টুইটে গান্ধীর আরও এক উক্তি উদ্ধৃত করেছিলেন—“As soon as someone understands that obeying unjust laws is contrary to their human dignity, no tyranny can dominate them.” (“যখন কেউ বুঝতে পারে যে অন্যায় আইনের কাছে মাথা নত করা তার মানবিক মর্যাদার পরিপন্থী, তখন আর কোনও স্বৈরশাসন তাকে দমন করতে পারে না।”)
"En cuanto alguien comprende que obedecer leyes injustas es contrario a su dignidad de hombre, ninguna tiranía puede dominarle" Gandhi
— María Corina Machado (@MariaCorinaYA) April 14, 2010
গান্ধীর এই দুটি কথা উদ্ধৃত করার মধ্যে দিয়ে মাচাদোর রাজনৈতিক দর্শনের ভিত্তিটাও পরিষ্কার হয়ে যায়। শাসকের বিরুদ্ধে সহিংস প্রতিশোধ নয়, বরং অন্যায়ের কাছে মাথা নত না করার দৃঢ় মানসিকতা দেখিয়েছেন তিনি।
গান্ধীর মতোই মাচাদো বিশ্বাস করেন, ক্ষমতার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি জনগণের ঐক্য ও নৈতিক সাহস। তিনি কখনও হিংসার পথ নেননি, বরং ভোট, নাগরিক অধিকার ও নৈতিক প্রতিবাদকেই বেছে নিয়েছেন।
মহাত্মা গান্ধীর নাম বেশ কয়েকবার শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে যে গান্ধী নিজে কখনও নোবেল পাননি, তাঁর আদর্শে অনুপ্রাণিত এক মহিলা আজ সেই সম্মানে ভূষিত। মারিয়া মাচাদোর এই জয় আসলে অহিংস সংগ্রামের দর্শনের এক ঐতিহাসিক স্বীকৃতি বলেই অনেকের মত।