এদিন তিনি চোখের জল ধরে রাখতে না পেরে বলেন, এই শান্তি পুরস্কার গোটা আন্দোলনের এবং সমাজের জয়।

মারিয়া করিনা মাচাদো (বাঁদিকে) ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।
শেষ আপডেট: 10 October 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো শুক্রবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আনন্দে কেঁদেই ফেললেন। এদিন তিনি চোখের জল ধরে রাখতে না পেরে বলেন, এই শান্তি পুরস্কার গোটা আন্দোলনের এবং সমাজের জয়। নরওয়ের নোবেল কমিটির ডিরেক্টরের সঙ্গে কথায় মারিয়া বলেন, আমি এই পুরস্কারে যোগ্য নই, আমি তো সামান্য এক ব্যক্তি মাত্র। তাঁকে যখন নোবেল শান্তি পুরস্কার জয়ের খবর জানানো হয়, সেই মুহূর্তে আনন্দে চোখের জল বাঁধ মানেনি মারিয়ার।
ফোনে ডিরেক্টরকে তিনি বলেন, হে ঈশ্বর, আমি তো ভাবতেই পারছি না। কোনও কথাই বলার ক্ষমতা হারিয়েছি। ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি নিশ্চই বুঝবেন আশা করি। এটা একটা আন্দোলন। এটা গোটা সমাজের সাফল্য। আমি তো ক্ষুদ্র একটা অংশ মাত্র, আমি নিশ্চিত এই পুরস্কার পাওয়ার যোগ্যতা আমার নেই।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার মানুষের তরফ থেকে আমি সম্মানীত, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনেক কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এটা অর্জন করেছি। আমরা সেটা বজায় রাখতে পারব বলে মনে করি।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ৮টি যুদ্ধ থামিয়েও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হোয়াইট হাউস স্পষ্টতই অসন্তুষ্টি প্রকাশ করেছে নোবেল কমিটির বিরুদ্ধে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, আরও একবার নোবেল কমিটি প্রমাণ করল যে শান্তির থেকে তাদের কাছে রাজনীতির স্থান ঊর্ধ্বে। নোবেল কমিটির সমালোচনা করে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, শান্তি পুরস্কারের জন্য ওরা রাজনৈতিক একপেশে মনোভাব দেখিয়েছে। বিশ্বশান্তির পক্ষ সত্যিকারের পদক্ষেপকে ওরা দেখতেই পায়নি।