শুধু দেখাই নয়, আলিয়া ভাটের’ গায়ে হাত বুলিয়ে আদর করে দিলেন কংগ্রেস সাংসদ। ওয়ানাড়ের এমপি ‘আলিয়া ভাট’কে দেখে বলেন, মিষ্টি আদুরে বাচ্চা।

কেরলের একটি দুগ্ধ উৎপাদনকারী সংস্থার পোষা গোরুর নাম আলিয়া ভাট।
শেষ আপডেট: 10 October 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: কেরলে গিয়ে ‘আলিয়া ভাটের’ সঙ্গে দেখা হয়ে গেল প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। শুধু দেখাই নয়, আলিয়া ভাটের’ গায়ে হাত বুলিয়ে আদর করে দিলেন কংগ্রেস সাংসদ। ওয়ানাড়ের এমপি ‘আলিয়া ভাট’কে দেখে বলেন, মিষ্টি আদুরে বাচ্চা। যদিও এই আলিয়া ভাট বলিউড অভিনেত্রী নন। কেরলের একটি দুগ্ধ উৎপাদনকারী সংস্থার পোষা গোরুর নাম আলিয়া ভাট। প্রিয়ঙ্কা নিজেই এই ঘটনার ছবি দিয়ে একটি এক্সবার্তা দিয়েছেন। যাতে তিনি স্বয়ং সত্যিকারের অভিনেত্রী আলিয়া ভাটের কাছে রসিকতা করে ক্ষমাও চেয়ে নিয়েছেন। কিন্তু, প্রিয়ঙ্কা গান্ধীর এই পোস্টের সঙ্গে সঙ্গেই গোশালার গোরু আলিয়া ভাটের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে দেশজুড়ে।
প্রিয়ঙ্কার কেরল সফরের মধ্যে ছিল কোডেনচেরি ডেয়ারি ফার্ম। সেখানে গিয়ে প্রিয়ঙ্কার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। কারণ, ওই ফার্মেই ছিল আলিয়া ভাট নামে গোরুটি। গোরুটির নাম রেখেছিলেন গোশালার কর্মী ম্যাথু ও তাঁর বাবা অগাস্টিন। ফার্মটি চালান শীবা ফ্রান্সিস। তিনি স্থানীয় দুগ্ধ সমবায় সমিতির ডিরেক্টর। সমবায়টি চালান জিনু টমাস, তিনি কোডেনচেরি কোঅপারেটিভ সোসাইটির সচিব।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্রান্সিস গোরুগুলিকে সবুজ ঘাস খাওয়াচ্ছেন এবং প্রিয়ঙ্কার দেখতে আসা নিয়ে বলছেন। ফ্রান্সিস বলেন, প্রিয়ঙ্কা গান্ধী আমাদের ফার্ম দেখতে আসায় আমরা অভিভূত। আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি এটা কখনও ঘটবে। উনি প্রায় ঘণ্টাখানেক আমাদের এখানে ছিলেন। তিনি নিজে সব গোরুকে খাইয়েছেন।
ফ্রান্সিস আরও বলেন, উনি এক এক করে গোরুগুলির নাম জিজ্ঞাসা করেন। এর মধ্যে আলিয়া ভাট নামের গোরুটি দেখে খুব খুশি হয়ে যান। প্রিয়ঙ্কা ফার্ম ঘুরে দেখতে দেখতে সব কাজের খুঁটিনাটি খবর নেন। একটি একমাসের বাছুরের তিনি নামকরণ করেন মারিয়া। এই ফার্মটি চালায় একটি পরিবার। প্রায় ৩০ গোরু রয়েছে গোশালে। প্রিয়ঙ্কা কোঅপারেটিভের লোকজনের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
এ সপ্তাহের গোড়ার দিকে গোশালায় গিয়ে প্রিয়ঙ্কা তাঁর এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে লিখেছিলেন, আমার সঙ্গে একটি ফার্মের দুগ্ধ চাষিদের দেখা হয়েছিল। সেখানে আমি একটি গোরু দেখলাম, যার নাম আলিয়া ভাট!! মিস ভাটের কাছে ক্ষমা চেয়েই বলছি, সে কিন্তু সত্যিই ভারী মিষ্টি আদুরে একটা বাচ্চা।