লোকায়ুক্ত পুলিশ সেখানে ৭টি তৈরি কটেজ এবং ৩২টি নির্মীয়মাণ কটেজের সন্ধান পেয়েছে।

গোবিন্দপ্রসাদ মেহরা। মধ্যপ্রদেশের পূর্ত বিভাগের প্রাক্তন হেড ইঞ্জিনিয়ার ছিলেন।
শেষ আপডেট: 10 October 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: গোবিন্দপ্রসাদ মেহরার সাধ ছিল ভোপালে মিনি মালদ্বীপ গড়ে তোলার। মধ্যপ্রদেশের পূর্ত বিভাগের প্রাক্তন হেড ইঞ্জিনিয়ার ছিলেন। কিন্তু, তার আগেই তাঁর সেই স্বপ্নে বাগড়া দিল লোকায়ুক্ত পুলিশ। ভোপালে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি, সোনাদানা, নগদ টাকা ও চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনা ১৭ টন মধু উদ্ধার করা হয়েছে। মেহরা পূর্ত দফতর থেকে অবসর নেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে এই তল্লাশি চলে।
লোকায়ুক্তের ডিজিপি যোগেশ দেশমুখ নিজে মেহরার ভোপাল, গোবিন্দপুর, নর্মদাপুরম সহ চারটি ঠিকানায় তল্লাশি অভিযান চালান। আগের সোহাগপুর, বর্তমানে নর্মদাপুরমের সাইনি গ্রামে মেহরার মালিকানায় একটি নির্মীয়মাণ রিসর্ট মিলেছে। যেখানে মিনি মালদ্বীপের আকারে সম্পূর্ণ নিভৃতাবাস গড়ে তোলার কাজ চলছিল।
লোকায়ুক্ত পুলিশ সেখানে ৭টি তৈরি কটেজ এবং ৩২টি নির্মীয়মাণ কটেজের সন্ধান পেয়েছে। সেখানে রয়েছে ২টি বিশাল জলাশয়। উদ্ধার হয়েছে ১৭ টন মধু। এছাড়াও বিপুল পরিমাণে কৃষিজমি, ৬টি বহুমূল্যের ট্রাক্টর সহ কৃষি সরঞ্জাম, ২টি গোয়াল এবং ২টি মৎস্যচাষের জায়গা মিলেছে।
ভোপালের ওপাল রিজেন্সি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা নগদ। ২ কেজি ৬৪৯ গ্রাম সোনা (আনুমানিক মূল্য ৩ কোটি ৫ লক্ষ টাকা), ৫ কেজি ৫২৩ গ্রাম রুপো (আনুমানিক মূল্য ৫ লক্ষ ৯৩ হাজার টাকা)। মণিপুরম কলোনির বাড়ি থেকে পাওয়া গিয়েছে, ৮.৭৯ লক্ষ টাকা নগদ, সোনা-রুপোর ৫০ লক্ষ টাকার গয়না। ৫৬ লক্ষ টাকার ফিক্সজ ডিপোজিট এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে ৬০ লক্ষ টাকার সামগ্রী। বাড়িটি ভোপালের অত্যন্ত অভিজাত এলাকায় অবস্থিত।
গোবিন্দপুরে কেজি ইন্ডাস্ট্রিজে তৈরি হতো পিভিসি পাইপ। সেখানে ১.২৫ লক্ষ টাকা নগদ ছাড়াও পাইপ তৈরির কাঁচা ও তৈরি মাল মিলেছে। মেহরার বাড়ির লোকেদের নামে চারটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে লোকায়ুক্ত। গাড়িগুলি হল- এন্ডেভর, এসকোডা স্লাভিয়া, কিয়া সোনেট এবং মারুতি সিয়াজ। দুর্নীতি দমন আইনে জিপি মেহরার বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।