অন্য একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। শুধু তাই নয়, রাজধানীর অলিগলিতে গুলির শব্দও মিলেছে বলে খবর স্থানীয় এবং বিদেশি সংবাদমাধ্যম সূত্রে।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, আকাশপথেই হামলা চালানো হয়েছে কাবুলের উপর। ফাইল ছবি।
শেষ আপডেট: 10 October 2025 09:57
দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের রাজধানী কাবুলে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অন্য একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। শুধু তাই নয়, রাজধানীর অলিগলিতে গুলির শব্দও মিলেছে বলে খবর স্থানীয় এবং বিদেশি সংবাদমাধ্যম সূত্রে। যদিও এই হামলায় কতজন প্রাণ হারিয়েছে বা আহত, সেই তথ্য এখনও পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, আকাশপথেই হামলা চালানো হয়েছে কাবুলের উপর। কিন্তু সেই যুদ্ধবিমানগুলিকে চিহ্নিত করা যায়নি। তবে অনেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডল মনে করছে যে এর পিছনে রয়েছে পাকিস্তানের হাত। তারাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও সরকারিভাবে এখনও তেমন কোনও দাবি করা হয়নি। বিস্ফোরণটি এমন সময়ে ঘটেছে যখন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আফগান বিদেশমন্ত্রীর।
তালিবান সরকার নিশ্চিত করেছে, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই ঘটনায় পাকিস্তানের নাম জড়িয়েছে বলেও জানা গিয়েছে। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে পাকিস্তানি তালিবান (টিটিপি) নেতা নুরওয়ালি মাসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও, টোলো নিউজ মাসুদের একটি অডিও বার্তা পেয়েছে বলে জানিয়েছে। সেই বার্তায় নিজের উপর হামলার দাবি নস্যাৎ করে দিয়েছেন মাসুদ।
তালিবান কর্মকর্তারা এবং কিছু আফগান সাংবাদিকও পাকিস্তানের বিমান হামলার কথা অস্বীকার করছেন বলে জানা গিয়েছে। তালিবান সরকার গঠন হওয়ার পর থেকে আফগান ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্ত সমস্যা নিয়ে বেড়েছে সংঘাত। সম্প্রতি এই নিয়ে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়। দুই দেশের সেনাই সীমান্তে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।