ইমরান খানের পরিবারের দাবি করেছে, ৮৪৫ দিন ধরে জেলে রয়েছেন তিনি এবং বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁর সঙ্গে যোগাযোগই করতে দেওয়া হচ্ছে না। মাঝে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বিতর্ক আরও বাড়ে।

নূরিন নিয়াজি এবং ইমরান খান
শেষ আপডেট: 29 November 2025 11:17
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan EX PM Imran Khan) ছেলে কাসিম আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার বোন নূরিন নিয়াজিও (Noreen Niazi) কড়া বার্তা দিয়ে রাখলেন পাকিস্তান সরকারকে (Pakistan Govt)। তাঁর হুঙ্কার, দাদার কোনও ক্ষতি করা হলে দেশ উত্তাল হবে। কারণ এখনও বড় অংশের মানুষ ইমরান খানের পাশে দাঁড়িয়ে রয়েছে।
ইমরান খানের পরিবারের দাবি করেছে, ৮৪৫ দিন ধরে জেলে রয়েছেন তিনি এবং বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁর সঙ্গে যোগাযোগই করতে দেওয়া হচ্ছে না। মাঝে ইমরানের মৃত্যুর খবর (Imran Khan Death News) ছড়িয়ে পড়ায় বিতর্ক আরও বাড়ে। তাঁর ছেলে কাসিম বাবার ‘বেঁচে থাকার’ প্রমাণ দাবি করেছেন। এরই মধ্যে ইমরানের বোন নূরিন দেশে উত্তেজনা সৃষ্টি করার হুঁশিয়ারি দিলেন।
নূরিন বলেন, “ওঁকে (ইমরান) আঘাত করার কথা ভাবাটাও উচিত নয়। যদি এমন কিছু ঘটে, দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। জনগণ ওঁর অপেক্ষায় আছে। ইমরানের কোনও ক্ষতি করা হলে যা কিছু হয়ে যেতে পারে!” তিনি অবশ্য এও মনে করেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ (Imran Khan is healthy), কিন্তু ইচ্ছে করেই তাঁর শারীরিক অবস্থাকে ঘিরে নানা গুজব ছড়ানো হচ্ছে, যাতে সমর্থকদের মনোবল নষ্ট হয়।
নূরিনের দাবি, নিয়ম অনুযায়ী চার দিনের বেশি একাকী সেলে (Death Cell) আটকে রাখা যায় না। অথচ ইমরান খানের ক্ষেত্রে প্রায় এক মাস ধরে সেই নিয়ম ভঙ্গ করা হচ্ছে। একে তিনি 'মানসিক ও শারীরিক নির্যাতন' বলে ব্যাখ্যা করেছেন। তাঁর অভিযোগ, পরিবারকে দেখা করতে না দেওয়ার উদ্দেশ্যও রাজনৈতিক (Political), যাতে খানের কোনও বার্তা জেলের বাইরে পৌঁছতে না পারে।
সম্প্রতি কাসিম খান সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে লিখেছেন - গত দেড় মাস ধরে ইমরান খানকে একেবারে নির্জন ‘ডেথ সেল’-এ (Death Cell) রাখা হয়েছে। পরিবার তো দূরে থাক, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও বোনেদের সঙ্গে কোনও সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। বিগত ছ’ সপ্তাহ ধরে ইমরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। বোনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, এমনকী কোনও ভাবেই যোগাযোগ স্থাপন করতে দেওয়া হয়নি।
তবে জেল প্রশাসন (Adiala Jail) একটি বিবৃতি জারি করে সমস্ত মৃত্যুর গুজব উড়িয়ে দেয়। তাদের দাবি, ইমরান খান সম্পূর্ণ সুস্থ। তাঁকে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে, এই খবর ভিত্তিহীন।
এদিকে এই অস্বাভাবিক নীরবতার মাঝেই ফের খোঁজ পাওয়া গেছে ইমরানের শেষ সোশ্যাল মিডিয়া পোস্টের (Last Social Media Post), যা প্রকাশ হয়েছিল ৫ নভেম্বর, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বোনের সঙ্গে সাক্ষাতের পর। বার্তাটি আবার পড়লে বোঝা যায়, ইমরান ঠিক কাকে দায়ী করেছিলেন। ইঙ্গিত ছিল সরাসরি সেনাপ্রধান আসিম মুনিরের (Pakistan Army Chief Asim Munir) দিকে। একাধিকবার ‘এক জন ব্যক্তি’ বলতে গিয়ে তাঁর নাম উল্লেখ করেছিলেন ইমরান খান (Imran Khan)। অভিযোগ, পাকিস্তানে এখন সংবিধানের শাসন নয়, চলছে ‘আসিম ল’ (Asim Law) - এমনই বিস্ফোরক দাবি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
তাহলে তিনিই কি সবকিছুর নেপথ্যে - প্রশ্ন থেকেই যায়।