থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর রেল প্রকল্পের ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা। আগুন ও সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু, জখম ৩০ জনেরও বেশি।

ঘটনাস্থলের ছবি (সংগৃহীত)
শেষ আপডেট: 14 January 2026 10:29
দ্য ওয়াল ব্যুরো: ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বে যাচ্ছিল যাত্রীবাহী একটি ট্রেন। মাঝপথে থাইল্যান্ডের (Thailand) নাখোন রাচাসিমা (Nakhon Ratchasima) প্রদেশে নির্মীয়মাণ হাই-স্পিড রেল (High-Speed Rail) প্রকল্পের একটি বিশাল ক্রেন ভেঙে পড়ল চলন্ত ট্রেনের উপর। দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে, জখম ৩০-এরও বেশি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার সকালে সিখিও (Sikhio) জেলায় এই দুর্ঘটনা হয়। রাজধানী ব্যাংকক (Bangkok) থেকে উবন রাচাথানি (Ubon Ratchathani) প্রদেশগামী ট্রেনটি তখন প্রায় ২৩০ কিলোমিটার দূরে ছিল। আচমকাই উপর থেকে ভেঙে পড়ে ক্রেন। ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়। কিন্তু বিপদ বাড়ে ট্রেনে আগুন ধরে যাওয়ায়।
নাখোন রাচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপোন চিনাওয়ং (Thatchapon Chinnawong) জানিয়েছেন, ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ৩০ জনের বেশি আহত।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে তিনি জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। এখনও সে কাজ চলছে। ট্রেনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা দেখা হচ্ছে ভাল করে। ওই এলাকায় যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি, দ্রুত পরিস্থিতি ঠিক করা চেষ্টা চলছে।
থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হাই-স্পিড রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হঠাৎই। ভেঙে পড়ে ট্রেনের উপর। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদেরও পাঠানো হয়েছে হাসপাতালে।
এদিকে, এই দুর্ঘটনার পর থাইল্যান্ডে দ্রুত রেল নির্মাণ প্রকল্পগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারের তরফে এনিয়ে বা দুর্ঘটনা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে এখনও বিবৃতি দেওয়া হয়নি।