গভীর রাতের গুয়াহাটি, নির্জন জু রোড—হঠাৎই এক পথ দুর্ঘটনা! শুক্রবার দুর্ঘটনার কবলে পড়েন বর্ষীয়ান বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, অসমের উদ্যোক্তা রুপালি বড়ুয়া।

শেষ আপডেট: 3 January 2026 14:11
দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতের গুয়াহাটি, নির্জন জু রোড—হঠাৎই এক পথ দুর্ঘটনা! শুক্রবার দুর্ঘটনার কবলে পড়েন বর্ষীয়ান বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, অসমের উদ্যোক্তা রুপালি বড়ুয়া। ঘটনায় গুরুতর আহত হন দম্পতি দু’জনই, পাশাপাশি সংকটজনক অবস্থায় আহত হন একটি মোটরসাইকেলের আরোহীও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জু রোডের ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেলের সামনে রাত প্রায় বারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, দিসপুর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অ্যাভেঞ্জার মোটরসাইকেল (নিবন্ধন নম্বর AS-01-DY-5061) নিয়ন্ত্রণ হারিয়ে আশিস ও রুপালিকে ধাক্কা মারে। আবার কয়েকজন স্থানীয় বাসিন্দার বক্তব্য, বাইক আর পথচারীদের মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়েই চালক ভারসাম্য হারান, যার ফলেই এই দুর্ঘটনা।
ধাক্কার অভিঘাতে আশিস বিদ্যার্থী ও রুপালি বড়ুয়া গুরুতরভাবে আহত হন। সংঘর্ষে বাইক আরোহীও মারাত্মক জখম হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গীতানগর থানার পুলিশ। আহত মোটরসাইকেল আরোহীকে জরুরি চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) ভর্তি করা হয়। আশিস বিদ্যার্থী ও রুপালি বড়ুয়াকে নিয়ে যাওয়া হয় গুয়াাহাটির অ্যাপোলো হাসপাতালে, যেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে দম্পতি ‘দ্য গুয়াহাটির অ্যাড্রেস’ হোটেলের রেস্তোরাঁয় নৈশভোজ সেরে বেরিয়েছিলেন। জু টিনিয়ালি সংলগ্ন ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময়ই দ্রুতগতির বাইকটি তাঁদের ধাক্কা মারে। চন্দ্রমারি দিক থেকে আসা বাইকটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল বলেও পুলিশের প্রাথমিক অনুমান।
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অনুরাগী ও শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করেন আশিস বিদ্যার্থী। তিনি জানান, “রুপালি আর আমি রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমরা দু’জনেই ঠিক আছি। রুপালি পর্যবেক্ষণে রয়েছে, সবকিছু স্বাভাবিক। আমারও সামান্য চোট লেগেছে মাত্র।” একই সঙ্গে তিনি অনুরোধ করেন, এই ঘটনাকে বাড়াবাড়ি বা অযথা sensationalise না করতে।
অভিনেতা আরও জানান, আহত বাইক আরোহী ইতিমধ্যেই জ্ঞান ফিরে পেয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। হাসপাতালের জরুরি পরিষেবার ভূয়সী প্রশংসা করে আশিস বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের অত্যন্ত যত্নে দেখভাল করেছেন। সকলের শুভেচ্ছা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা দীর্ঘ কয়েক দশক ধরে হিন্দি, তেলুগু, তামিল সহ একাধিক আঞ্চলিক চলচ্চিত্রে সমান জনপ্রিয় মুখ। অসমের কন্যা রুপালি বরুয়ার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার পর রাজ্যের সঙ্গে তাঁর সম্পর্ক আরও নিবিড় হয়েছে। স্থানীয় মহলে তিনি আদর করে পরিচিত ‘অসমের জামাই’ নামেও।
চলচ্চিত্রের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আশিস বিদ্যার্থী নিজেকে নতুনভাবে পরিচিত করিয়েছেন ফুড ও ট্র্যাভেল ভ্লগার হিসেবে। তাঁর ইউটিউব চ্যানেলে অসম ও উত্তর-পূর্ব ভারতের খাবার, সংস্কৃতি ও মানুষের গল্প তুলে ধরে ইতিমধ্যেই প্রায় ২৪ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবারের ভালোবাসা পেয়েছেন তিনি। এই ভিন্ন ধারার যাত্রাপথেই তিনি আরও কাছাকাছি এসেছেন সাধারণ মানুষের।