কোথাও যেন আজও ভাসে সেই প্রশ্ন—কোথায় তুমি, পঞ্চম দা? উত্তর খোঁজে না এই প্রশ্ন, খোঁজে অনুভব। ঠিক সেই অনুভবের দোরগোড়ায় দাঁড়িয়েই নতুন বছরের শুরুতে এক অনন্য শ্রদ্ধার্ঘ্য উপহার দিল আশা অডিও।

শেষ আপডেট: 3 January 2026 13:07
দ্য ওয়াল ব্যুরো: কোথাও যেন আজও ভাসে সেই প্রশ্ন—কোথায় তুমি, পঞ্চম দা? উত্তর খোঁজে না এই প্রশ্ন, খোঁজে অনুভব। ঠিক সেই অনুভবের দোরগোড়ায় দাঁড়িয়েই নতুন বছরের শুরুতে এক অনন্য শ্রদ্ধার্ঘ্য উপহার দিল আশা অডিও। কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মনের ৩২তম প্রয়াণবার্ষিকীতে, প্রযুক্তি আর নস্টালজিয়ার মেলবন্ধনে প্রকাশ পেল বিশেষ সংগীত প্রযোজনা ‘কোথায় তুমি পঞ্চম দা’—যেখানে AI আলোয় আবার যেন জীবন্ত হয়ে উঠলেন ভারতীয় চলচ্চিত্র সংগীতের চিরযৌবন স্রষ্টা।
ইয়েলো টার্টলে আয়োজিত হল গানের উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পদ্মভূষণ সম্মানে ভূষিত উষা উথুপ। ছিলেন সুরকার ত্রয়ী শিলাদিত্য–রাজ–সোম এবং আশা অডিওর ডিরেক্টর অপেক্ষা লাহিড়ী। অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতি, শ্রদ্ধা আর এক গভীর আবেগের স্রোত—যেন পঞ্চম দার সুরে আবার একবার মিলিত হল প্রজন্মের পর প্রজন্ম।

প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও সম্পূর্ণভাবে নির্মিত ও সম্পাদিত হয়েছে AI-এর সাহায্যে। পর্দায় নতুন করে কল্পিত হয়েছে পঞ্চমদার উপস্থিতি—একটি সৃজনশীল, সংবেদনশীল প্রয়াস, যেখানে প্রযুক্তি কোনও প্রদর্শনী নয়, বরং শ্রদ্ধার মাধ্যম। অতীত আর বর্তমানের এই মেলবন্ধনে গানের দৃশ্যভাষা হয়ে উঠেছে সময়ভ্রমণের মতো—চেনা মুখ, অচেনা অনুভব, অথচ গভীরভাবে আপন।
আশা অডিওর ডিরেক্টর অপেক্ষা লাহিড়ীর কথায়, সংগীতের উত্তরাধিকার রক্ষা করাই তাঁদের ব্রত, তবে তার সঙ্গে সময়ের সঙ্গে হাঁটার দায়ও সমান গুরুত্বপূর্ণ। পঞ্চম দার অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে নতুন ভাষায় তুলে ধরার এই প্রয়াসে প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে সম্মান আর সংবেদনশীলতার সঙ্গে। উষা উথুপের কণ্ঠ সেই আবেগকে দিয়েছে প্রাণ—যেন স্মৃতির ভাঁজ খুলে সুর নিজেই কথা বলে উঠেছে।
সুরকার শিলাদিত্য চৌধুরী জানালেন, এই প্রকল্প তাঁদের কাছে শুধুই কাজ নয়, এক গভীর ব্যক্তিগত যাত্রা। পঞ্চমদার সংগীত যে কত প্রজন্মকে গড়ে তুলেছে, অনুপ্রাণিত করেছে—তারই এক বিনম্র স্বীকৃতি এই গান। উষা উথুপের সঙ্গে কাজ করা ছিল স্মৃতির পথে হাঁটার মতো—কারণ তাঁর আর পঞ্চম দার সম্পর্ক শুধুই পেশাগত নয়, ছিল আন্তরিক সহযোগিতা আর সৃষ্টির বন্ধন। এই গান শুনলে, এই ভিডিও দেখলে, শ্রোতারা যেন একটু হলেও সময়ের সীমানা পেরিয়ে ফিরে যেতে পারেন—সেই আশাতেই এই প্রয়াস।
‘কোথায় তুমি পঞ্চম দা’-র গানে কণ্ঠ দিয়েছেন উষা উথুপ। সুরের দায়িত্বে শিলাদিত্য–রাজ–সোম। গীতরচনা করেছেন উৎপল। সংগীত আয়োজন ও সাউন্ড ডিজাইনে সোম চক্রবর্তী। ভিডিওর স্টোরিবোর্ড, এআই ইমেজ জেনারেশন ও সম্পাদনার দায়িত্বে ছিলেন অভিজিৎ চক্রবর্তী। আশা অডিওর সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপলব্ধ এই মিউজিক ভিডিও।

প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীত জগতের এক নির্ভরযোগ্য ঠিকানা আশাঅডিও। ১৯৯৫ সালের মে মাসে, কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের আশীর্বাদে যাত্রা শুরু করা এই সংস্থার ঝুলিতে আজ চার শতাধিক শিরোনাম। নব্বইয়ের মাঝামাঝি সময়ে মহীনের ঘোড়াগুলি ও পরশপাথরের মতো ব্যান্ডকে সামনে এনে সমসাময়িক সংগীতে যে সাহসী পদক্ষেপ তারা নিয়েছিল, তারই ধারাবাহিকতায় পরে এসেছে চন্দ্রবিন্দু, মাইলস, ক্যাকটাস, ফসিলস, লক্ষ্মীছাড়া।
রবীন্দ্রসংগীতের বিশাল ভাণ্ডারে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে অজয় চক্রবর্তী, ইন্দ্রাণী সেন থেকে জয়তী চক্রবর্তী—একাধিক প্রজন্মের শিল্পীর কণ্ঠে সঞ্চিত হয়েছে এই প্রতিষ্ঠানের উত্তরাধিকার। আধুনিক গানে আশা ভোঁসলে, কুমার শানু, উষা উথুপ থেকে শুরু করে বহু জনপ্রিয় শিল্পীর কাজও তাদের সংগ্রহে। রয়েছে ‘সানডে সাসপেন্স’-এর মতো জনপ্রিয় অডিওবুক সিরিজ।
সময় বদলেছে, মাধ্যম বদলেছে। সিডি আর ক্যাসেটের যুগ পেরিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মেই এখন সংগীতের ঠিকানা। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আশাঅডিও আজ সক্রিয় সব বড় ডিজিটাল মাধ্যমে—ইউটিউবে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে বারো লক্ষ। ২০১৯ সালে সংস্থার প্রতিষ্ঠাতা মহুয়া লাহিড়ীর প্রয়াণের পর তাঁর স্বপ্নকে বহন করে চলেছেন কন্যা ও পুরো দল।
আর সেই স্বপ্নেরই এক নতুন অধ্যায় যেন ‘কোথায় তুমি পঞ্চম দা’। যাঁর সুর বেঁচে থাকে, স্মৃতি হয়ে ফেরে, প্রশ্ন হয়ে মন ছুঁয়ে যায়। এআইয়ের পর্দাতেও তিনি যেন আছেন, প্রতিটি সুরে, প্রতিটি দীর্ঘশ্বাসে, প্রতিটি প্রশ্নে—কোথায় তুমি, পঞ্চমদা?