ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নতুন ছবি নাকি একেবারেই রোম্যান্টিক ঘরানার। বয়স, অভিজ্ঞতা আর জীবনের ওঠাপড়াকে সঙ্গী করে গড়ে উঠবে দুইয়ের সম্পর্কের গল্প। এখানে প্রেম থাকবে, তবে তা আর কিশোরসুলভ নয়।

শেষ আপডেট: 3 January 2026 12:54
দ্য ওয়াল ব্যুরো: রসায়ন মানেই ছিল বক্স অফিসে হিট সমীকরণ, সেই জনপ্রিয় জুটিকেই এবার নতুন রূপে, নতুন গল্পে পাওয়া। স্বাভাবিক ভাবেই খবর ছড়াতে সিনেপাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। যে আবেগকে সম্মান জানিয়ে আজ দেব-শুভশ্রী ফিরছেন বাংলা ছবির স্বার্থ, বাংলা দর্শকদের মুখ চেয়ে। যা দেবের পোস্টে স্পষ্ট।
দেব–শুভশ্রী মানেই শুধু দুই টলিপাড়ার হিট জুটি নয়, একটা সময়ের আবেগ। কলেজ প্রেম, চুপচাপ চোখাচোখি, বৃষ্টিভেজা গান—সব মিলিয়ে এই জুটির ছবি মানেই ছিল প্রেমের অন্যরকম সংজ্ঞা। তারপর সময়ের সঙ্গে বদলেছে পথ। দু’জনেই নিজেদের কেরিয়ারে আলাদা জায়গা তৈরি করেছেন। দীর্ঘ সময় একসঙ্গে কাজ না করলেও দর্শকের মনে তাঁদের জুটি কখনওই পুরনো হয়নি। ফিকে হয়নি তাঁদের রোম্যান্স। অবশেষে পর্দায় আরও একবার স্বপ্ন যাপনের পালা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নতুন ছবি নাকি একেবারেই রোম্যান্টিক ঘরানার। বয়স, অভিজ্ঞতা আর জীবনের ওঠাপড়াকে সঙ্গী করে গড়ে উঠবে দুইয়ের সম্পর্কের গল্প। এখানে প্রেম থাকবে, তবে তা আর কিশোরসুলভ নয়। থাকবে পরিণত অনুভূতি, হারানোর ভয়, আবার নতুন করে একে অপরকে পাওয়ার আকুলতা। দেব এবং শুভশ্রী—দু’জনেই নাকি এই চিত্রনাট্য পড়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান বলেই টলিউড সূত্রে খবর।
দেব-শুভশ্রীর মুক্তি প্রাপ্ত শেষ ছবি 'ধূমকেতু'র প্রমোশনে একমঞ্চে ধরা দিয়েছিলেন তাঁরা। সেখানেই সকলের ঠোঁটে ছিল একটাই প্রশ্ন, আবার কবে একসঙ্গে জুটি বাঁধবেন তাঁরা। উত্তর পেতে খুব একটা অপেক্ষা করতে হল না। বছরের শুরু থেকেই দেবের সোশ্যাল মিডিয়া ঘিরে শোরগোল বর্তমান। একের পর এক ছবির ঘোষণা। আর সেই সারপ্রাইজের মধ্যে যে টলিপাড়ার সান্টার ঝুলিতে ছিল দেব-শুভশ্রী জুটি, তা বোধহয় জানা ছিল না কারও। ২ জানুয়ারী ছবির খবর প্রকাশ্যে আসার পর দেবের তরফ থেকে মেলে আরও পোস্ট। যেখানে লেখা--
"বন্ধু আমি এতটাই ক্ষুধার্থ/ যে প্রতারণাও গিলে নিতে পারি।" সঙ্গে তিনি আরও লেখেন, "এতকাল যাঁদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে সব ঝড় সামলেছি, আজ তাঁরাই 'কাল' হয়ে আমার ঘর ভাঙতে চাইছে। মুখের সামনে মুখোশ থাক, তবু চাইবো বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক।"
অন্দরমহলের খবর, শুটিং শুরু হবে খুব শিগগিরই। লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে পাহাড় আর শহরের মেলবন্ধন। ছবির সঙ্গীতেও থাকছে রোম্যান্টিক মেলোডির ছোঁয়া, যা একসময় দেব–শুভশ্রীর ছবির অন্যতম ইউএসপি ছিল। পুরনো স্মৃতির সঙ্গে নতুন অনুভূতির মিশেলেই দর্শককে হলে ঝড় তুলবে বলে বিশ্বাস সকলের।
খবর প্রকাশ্য আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে পুরনো ছবি, গান, দৃশ্য শেয়ার করার হিড়িক। সকলের মুখে একটাই কথা—“এটা শুধু একটা ছবি নয়, এ এক কামব্যাকের আবেগ।” ১২ বছর পর দেব–শুভশ্রীকে আবার রোম্যান্টিক জুটিতে দেখার অপেক্ষায় এখন দিন গুনছে বাংলা সিনেমাপ্রেমীরা।